ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।
এ মামলায় বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণ শুরুর কথা ছিলো। কিন্তু গয়েশ্বরের আইনজীবীরা আদালতে জানান, বিএনপি নেতা অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারছেন না।
এরপর বিচারক মোজাম্মেল হোসাইন আগামী ২০ এপ্রিল সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ঠিক করেন।
মামলার বাদি দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এসএম মফিদুল ইসলাম এদিন আদালতে উপস্থিত ছিলেন। গয়েশ্বরের পক্ষে আইনজীবী ছিলেন নিতাই রায় চৌধুরী ও মাসুদ আলম তালুকদার।
গত বছরের ৫ জানুয়ারি রমনা থানায় দায়ের করা এ মামলায় অভিযোগ করা হয়, গয়েশ্বর রায় ২ কোটি ৮৬ লাখ ৯৫ হাজার ১০৫ টাকার অবৈধ সম্পদ রয়েছে।
এ মামলায় গত বছরের অক্টোবরে গয়েশ্বরকে এক সপ্তাহ কারাবাস করতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৭১৭ ঘ.
bdnews24