চাঁদপুর, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই দল জেলের সংঘর্ষে একজন মারা গেছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতরা জানিয়েছে।
নিহত জেলের নাম- কামাল হোসেন (১৫)। তার বাড়ি রাজরাজেশ্বর ইউনিয়নের চরলগ্নিমারা এলাকায়।
সংঘর্ষের ঘটনায় পুলিশ পাঁচ জেলেকে আটক করেছে। এরা হলেন- মনির হোসেন (২২), আমির হোসেন (২৪), লিটন (২৪), সোহেল (১৭) ও হানিফ (১৬)।
এদের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার কানুদী এলাকায়।
চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আল আমিন, কালা মিয়া ও মতি সাংবাদিকদের জানান, দুপুরে রাজরাজেশ্বর এলাকায় মেঘনা নদীতে তারা মাছ ধরতে যান। কিন্তু তাদের বাধা দিয়ে সেখানে জাল ফেলে কানুদী এলাকার জেলেরা।
এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও পরে সংঘর্ষ বেঁধে যায়। সেই সংঘর্ষ থামাতে অপর কয়েকজন জেলে এগিয়ে আসে। এদের মধ্যে কামালকে কানুদীর জেলেরা মারধর করে নদীতে ফেলে দেয়। চাঁদপুর সদর হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় কামালের পরিবারের লোকজন চাঁদপুর মডেল থানায় হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক চোকদার বলেন, তার এলাকায় মেঘনা নদীতে প্রায়ই জাল ফেলাকে কেন্দ্র করে জেলেদের মধ্যে বিবাদ ও সংঘর্ষ হয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৩ ঘ.
bdnews24