খুলনা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা মেডিক্যাল কলেজ ছাত্রাবাসে মঙ্গলবার গভীর রাতে শিবির নিয়ন্ত্রিত ১২টি কক্ষে ভাংচুর করেছে ছাত্রলীগকর্মীরা।
এ সময় ছাত্রশিবিরের কোনো নেতা-কর্মী ছাত্রাবাসে ছিলেন না।
এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।
ছাত্রশিবির খুলনা মেডিক্যাল কলেজ শাখার সভাপতি শেখ আবদুল্লাহ আল মামুন মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার গভীর রাতে মেডিকেল কলেজ ছাত্রলীগ ইন্টার্নি পরিষদের কলেজ শাখার সাধারণ সম্পাদক আসিফ ইকবাল ও সভাপতি চয়ন বিশ্বাসের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের নিয়ন্ত্রণে থাকা ১২টি কক্ষে হামলা চালায়।"
ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি চয়ন বিশ্বাস এ প্রসঙ্গে বলেন, "তাদের সহায়তায় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ শিবির নিয়ন্ত্রিত হলগুলোতে অভিযান চালিয়ে বিপুল পরিমান জেহাদি বই এবং বহিরাগতদের নামের তালিকাসহ বেশ কিছু রড, পাইপ ও লাঠি উদ্ধার করে।"
সোনাডাঙ্গা মডেল থানার ওসি শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগের সহায়তায় খুলনা মেডিকেল কলেজের ছাত্রাবাসে শিবির নিয়ন্ত্রিত কক্ষগুলোতে অভিযান চালানো হয়নি।"
তবে ছাত্রলীগের অভিযান সম্পর্কে পুলিশ খবর পেয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/পিডি/২১২০ ঘ.
bdnews24