২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নিরপরাধকে গুলি চালিয়ে মামলায় ফাঁসিয়েছে র‌্যাব'

'নিরপরাধ' এক যুবককে গুলি চালিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে র‌্যাবের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2010, 12:03 PM

Updated : 24 Aug 2022, 07:38 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'নিরপরাধ' এক যুবককে গুলি চালিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে র‌্যাবের বিরুদ্ধে। বুধবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে গুলিবিদ্ধ নবীন হোসেন রানার পরিবার। তারা রানার বিরুদ্ধে মামলার প্রত্যাহারের দাবিও জানিয়েছে। ছিনতাই ও অস্ত্র মামলা দিয়ে র‌্যাব-১০ গত ৫ মার্চ গুলিবিদ্ধ রানাকে গেণ্ডারিয়া থানা পুলিশের হাতে তুলে দেয়। তার বিরুদ্ধে মামলা করেন র‌্যাব-১০ এর ১ নম্বর কোম্পানির কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল জব্বার মৃধা। র‌্যাবের অভিযোগ, রানা ছিনতাই করার সময় র‌্যাব ধাওয়া করলে তিনি র‌্যাব সদস্যদের দিকে গুলি ছোড়েন। তবে এ অভিযোগ নাকচ করে সংবাদ সম্মেলনে রানার স্ত্রী নিহার আক্তার প্রেমা বলেন, গত ৩ মার্চ রাতে র‌্যাব সদস্যরা গেণ্ডারিয়ার ৩৩/ই/১ সতীশ সরকার রোডের বাাড়ি থেকে রানাকে ধরে নিয়ে যায়। "এরপর দুই দিন থানা বা র‌্যাব কার্যালয়ে যোগাযোগ করে রানার কোনো খবর পাওয়া যায়নি। ৫ মার্চ খবর পাওয়া যায়, রানা গেণ্ডারিয়া থানায় গুলিবিদ্ধ অবস্থায় আছে।" রানার বিরুদ্ধে আর কোনো মামলা বা অভিযোগ নেই দাবি করে তার বাবা আলী হোসেন ছিনতাইয়ের 'সাজানো' মামলাটি প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছেন। মামলা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালায়, র‌্যাব মহাপরিচালক, আইন মন্ত্রণালয় ও পুলিশ কমিশনারের কাছেও আবেদন করা হয়েছে বলে তিনি জানান। আলী হোসেন বলেন, র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ তুলে তার পরিবার প্রচণ্ড ভীতির মধ্যে আছেন এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন। নবীন ইসলামপুরের নাইন ফেব্রিক্স নামে একটি কাপড়ের দোকানের ব্যবসায়িক অংশীদার বলে পরিবারের সদস্যরা জানান। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে ওই সংবাদ সম্মলনে রানার মা জেসমিন হোসেন ও খালা রাশিদা বেগমও উপস্থিত ছিলেন। এ বিষয়ে র‌্যাব-১০ এ যোগাযোগ করা হলে অপারেশন অফিসার সহকারী উপপরিদর্শক (এএসপি) এনামুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, গত ৩ মার্চ রাতে অভিযানটি পরিচালনা করেছেন স্কোয়াড্রন লিডার রেজা। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি। তবে স্কোয়াড্রন লিডার রেজার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। সন্ত্রাস দমনে ২০০৪ সালে গঠন করা হয় বিশেষ বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে তার সমালোচনা করে আসছে মানবাধিকার সংগঠনগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কিউএইচ/এমআই/১৭৫৫ ঘ.