২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াসার পানি 'হু'কে দিয়ে পরীক্ষার নির্দেশ

ঢাকা ওয়াসার সরবরাহ করা পানিতে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক আছে কি না তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে পরীক্ষায় সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 12:01 PM

Updated : 24 Aug 2022, 07:34 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ওয়াসার সরবরাহ করা পানিতে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক আছে কি না তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে পরীক্ষায় সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চ এক জনস্বার্থ রিট আবেদনের প্রেক্ষিতে সোমবার এ আদেশ দেয়। রোববার মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এ রিট করে। ঢাকার আট স্থানে থেকে ওয়াসার সরবরাহ করা পানির নমুনা নিয়ে তাতে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক ট্রাইহ্যালোমিথেন আছে কি না তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে পরীক্ষা করে আগামী চার সপ্তাহের মধ্যে জানাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্থানগুলো হলো ঢাকার লালবাগ, ইসলামপুর, গুলশান, বনানী, খিলগাঁও, মালিবাগ, ধানমণ্ডি ও এলিফ্যান্ট রোড। পাশাপাশি আদালত বিশুদ্ধ ও জীবাণুমুক্ত পানি সরবরাহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না এবং পানি বিশুদ্ধ করতে ক্লোরিনের পরিবর্তে পারমাঙ্গানেট ব্যবহার করতে নির্দেশ কেন দেওয়া হবে না তার কারণ জানাতে সরকারের প্রতি রুলনিশি জারি করেছে। ওই আট স্থানের পানির নমুনা সংগ্রহ করে তা পণ্যের মান পরীক্ষায় নিয়োজিত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং ইনিস্টিটিউট (বিএসটিআই) ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে পরীক্ষারও আদেশ দিয়েছে আদালত। পরীক্ষার প্রতিবেদন আগামী দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে বিএসটিআই'র ব্যবস্থাপনা পরিচালক ও গবেষণা পরিষদের চেয়ারম্যানকে। জারি করা রুলনিশির জবাব দিতে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, বিএসটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান, ওয়াসার চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের মেয়রকে। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম। আদেশের পর অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশুদ্ধ ও জীবাণুমুক্ত পানি সরবরাহের জন্য কিছু নির্দেশ চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছিল। তার প্রেক্ষিতে আদালত রুলনিশি জারি করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/পিডি/১৭৫৮ ঘ.