২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন থেকে পড়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার মৃত্যু

রাজধানীর গুলিস্তান কমপ্লেক্সের সাত তলা থেকে পড়ে এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 08:09 AM

Updated : 24 Aug 2022, 07:34 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলিস্তান কমপ্লেক্সের সাত তলা থেকে পড়ে এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মারা গেছেন। নিহতের নাম মোহাম্মদ আবুল মিয়া (৭৮), তার বাড়ি সিলেটের জাফলংয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে নয়তলা ওই ভবনের (সাবেক গুলিস্তান সিনেমা হল) লিফটে ওঠার সময় তিনি নিচে পড়ে যান। পল্টন থানার ওসি মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুক্তিযোদ্ধা আবুল মিয়া সাত তলা থেকে লিফটে নিচে নামতে চেয়েছিলেন। কিন্তু লিফট ওপরে থাকা অবস্থায় সাততলার দরজা খুলে গেলে তিনি ভেতরে ঢুকেই নিচে পড়ে যান।" স্থানীয় দোকান কর্মচারী আল আমিন (১৫) বলেন, "দুপুর সোয়া ১২টার দিকে হঠাৎ হৈ হট্টগোল শুনে ছুটে যাই। গিয়ে দেখি লিফটের স্থানে একজন পড়ে মারা গেছেন।" লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিস্তান কমপ্লেক্স ভবনটি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি। সপ্তম তলায় ট্রাস্টের কার্যালয়ও রয়েছে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল মিয়া ট্রাস্ট কার্যালয় থেকে বেরিয়েই দুর্ঘটনায় পড়েন বলে জানিয়েছেন ট্রাস্টের মহাপরিচালক এসএম লুৎফর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এমআই/১৩৫৫ ঘ.