২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ বাংলাদেশি গুলিবিদ্ধ

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ১৩ বাংলাদেশি আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2010, 02:35 PM

Updated : 24 Aug 2022, 07:32 PM

সিলেট, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ১৩ বাংলাদেশি আহত হয়েছেন। নয়া দিল্লিতে বিডিআর-বিএসএফ সীমান্ত সম্মেলন শেষ হওয়ার তিনদিনের মাথায় রোববার দুপুরে জৈন্তাপুর সীমান্তের বিরোধপূর্ণ ডিবির হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএসএফ জওয়ানরা বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি চালায়। বাংলাদেশ রাইফেলস (বিডিআর) জওয়ানরা পাল্টা গুলি চালালে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছেন বাহিনীর সিলেট সেক্টরের উপঅধিনায়ক মেজর মো. কোহিনূর আলম। গুলিবিদ্ধরা হলেন- জৈন্তাপুরের ঘিলাতৈল গ্রামের রফিক মিয়া (২৫), একই গ্রামের মনির হোসেন (২০), মতিন মিয়া (২০), আবদুর রহমান (২২), আবদুর রহিম (৪০), ডিবির হাওরের রাম বিশ্বাস (২৫), আক্তার হোসেন (১৭), আবুল কালাম (৪৫), রাসেল (২০), নলজুড়ি গ্রামের কবীর মিয়া (২২), মাউতহাটির মাসুক (৩৫), গুরুশংকরের আবদুল হাসিম (৪০) ও ফুলবাড়ি গ্রামের আক্কেল আলী (৪০)। আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিডিআর কর্মকর্তা কোহিনূর আলম জানান, দুপুর ১২টা দিকে বিএসএফ এর সহযোগিতায় বিরোধপূর্ণ ডিবির হাওরে ৫০/৬০ জন ভারতীয় নাগরিক মাছ ধরতে আসে। এ সময় বিডিআর ও স্থানীয় লোকজন তাদের বাধা দেয়। এতে তারা প্রথম দফায় ফিরে গেলেও পরে এসে বাংলাদেশিদের লক্ষ্য করে পাথর ছোড়ে। এরপর দুপুর আড়াইটার দিকে বিএসএফ বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এর জবাবে বিডিআরও গুলি করে। এরপর দুপক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলতে থাকে বলে বিডিআর কর্মকর্তা জানান। বিএসএফ ১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শেখর গুপ্তের সঙ্গে যোগাযোগ করার পর বিকেল সাড়ে ৪টার দিকে গোলাগুলি বন্ধ হয় বলে জানিয়েছেন ২১ রাইফেলস ব্যাটালিয়ন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল খন্দকার জহিরুল আলম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএসএফ কর্মকর্তাকে শেখর গুপ্তকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। তিনি আগামীকাল সকালে বসতে রাজি হয়েছেন। তবে এখনো সময় জানাননি। লে. কর্নেল জহিুরুল আলম জানান, বিডিআরের হিসেবে ১৩ জন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। তবে এদের মধ্যে কোনো বিডিআর জওয়ান নেই। এর আগেও জৈন্তাপুর সীামন্তের ডিবির হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তখন বিএসএফ'র গুলিতে তিন বাংলাদেশি জখমও হয়। এর পরিপ্রেক্ষিতে বিডিআর মহাপরিচালক জৈন্তাপুর সীমান্ত পরিদর্শন করেন। শনিবার জেলার গোয়াইনঘাট উপজেলার পাদুয়া সীমান্তে বাংলাদেশের ভেতরে পরিখা খনন করে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। পরে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) প্রতিবাদ করলে তারা ওই স্থান ছেড়ে চলে যায়। এ ঘটনায় প্রতাপপুর সীমান্তের নো ম্যানস ল্যান্ডে বিডিআর ও বিএসএফ'র মধ্যে পতাকা বৈঠক হয়। সীমান্তে সহযোগিতার অঙ্গীকারের মধ্য দিয়ে বৃহস্পতিবার নয়া দিল্লিতে চারদিনের বিডিআর-বিএসএফ সম্মেলন শেষ হয়। মহাপরিচালক পর্যায়ে দুই বাহিনীর মধ্যে এ বৈঠকে সীমান্ত যখন-তখন বিএসএফ'র গুলি, নিরপরাধ বাংলাদেশিদের নিহত হওয়ার বিষয়ে আলোচনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৯ ঘ.