রাজশাহী, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- রাজশাহীর চারঘাট উপজেলায় হামলা ও ভাংচুর চালিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা পণ্ড করে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
রোববার দুপুরে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভায় ছাত্রলীগ নেতাদের আমন্ত্রণ না জানানোয় তারা এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন চারঘাট থানার ওসি হামিদুর রশিদ।
হামলাকারীরা চারঘাট পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা হাসান আলীকে পিটিয়ে জখম করেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে বেলা সাড়ে ১২টার দিকে প্রস্তুতি সভা শুরু হয়।
দুপুর ১টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক দুলাল সরকারের নেতৃত্বে ছাত্রলীগের ২০/২৫ জন নেতাকর্মী মিলনায়তনে ঢুকে ক্ষোভ প্রকাশ করে চেয়ার-টেবিল ভাংচুর শুরু করে।
এ সময় সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক আনসারীকে মারতে গেলে পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা হাসান আলী তাদের বাধা দেন। বাধা পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে মারধর করে।
ইউএনও মঈনুল হক আনসারী ভাংচুর এবং সভা স্থগিতের সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রশাসনের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক বলেন, "ইউএনও ছাত্র থাকাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির করতেন। তিনি এখনো ওই ধ্যান-ধারণা পোষণ করেন এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগকে বরাবরই উপেক্ষা করে আসছেন। এর প্রতিবাদে কর্মীরা বিক্ষোভ করেছে।"
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯০৭ ঘ.
bdnews24