বাগেরহাট, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় একটি পরিবারের নয়জনকে হত্যার অভিযোগে মামলা হয়েছে বাগেরহাটের একটি আদালতে।
মামলায় ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ১২/১৩ জনকে আসামি করা হয়েছে। এজাহারে তাদের 'রাজাকার' বলে উল্লেখ করা হয়।
রোববার জেলার জ্যেষ্ঠ হাকিম মো. রাখিবুল ইসলামের আদালতে মামলাটি করেন মোরেলগঞ্জ উপজেলার চাপড়ি গ্রামের মো. এমদাদুল হক হাওলাদার।
বিচারক মোরেলগঞ্জ থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন- কচুয়া উপজেলার কাকার বিল গ্রামের নূরা শিকদার, যশোরদি গ্রামের খোকন দিদার, করিম দিদার, সিদ্দিক শেখ, ইদ্রিস শেখ, শাখারিকাঠি গ্রামের আসমত দিদার, মোরেলগঞ্জ উপজেলার তেলিগাঁতি গ্রামের ছাত্তার শেখ, জনাব আলী খাঁ, সুলতান খান, রশিদ খাঁ, খোকা খাঁ, আকব্বর শেখ, গাজীরঘাট গ্রামের উকিল উদ্দিন শেখ, রুস্তম মোল্লা, ইউনুস আলী দিদার, জলিল শেখ, দৈবজ্ঞহাটি গ্রামের আফসার দিদার ও তার ভাই মকছের দিদার, শাহাদাত সরদার, নুরুল্লাপুর গ্রামের হাবিব শেখ, উপজেলা সদরের আকবার থলবলি ও বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার রফিকুল ইসলাম বাবুল।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৭১ সালের ২৬ মে দুপুরে আসামিরা চাপড়ি গ্রামে বাদির বাড়িতে ঢুকে তার বাবা মোক্তার উদ্দিন মাস্টার ও ভাই শাহাদাত হাওলাদারসহ পরিবারের নয় সদস্যকে ঘর থেকে বাইরে এনে গুলি করে হত্যা করে এবং বাড়ির মাল লুট করে ঘরে আগুন ধরিয়ে দেয়।
মোরেলগঞ্জ থানার ওসি মো. আব্দুর রশিদ বলেন, আদালতের আদেশ থানায় পৌঁছলে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৫৯ ঘ.
bdnews24