ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্র সংলগ্ন সদর উপজেলার বাকাইল গ্রামে একটি সেচপাম্পের পাইপ বিস্ফোরিত হয়ে গ্যাস উদগিরণ হচ্ছে।
গ্যাসের সঙ্গে সঙ্গে পাইপ প্রচন্ড বেগে পানিও বের হচ্ছে। মাটি থেকে প্রায় একশ' ফিট উপরে উঠছে পানি।
বৃহস্পতিবার গভীর রাতে বাকাইল গ্রামের শাহজাহান মিয়ার সেচপাম্পের পাইপ বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের শব্দ এবং গ্যাস ও পানি উদগিরণ দেখে আতঙ্কিত হয়ে পড়ে আশপাশের বাড়িঘরের লোকজন। কয়েকটি পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ দূরত্বে সরে গেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শাহজাহান।
তিনি বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থলে পরিদর্শন করে 'আল্লাহর উপর ভরসা রাখা'র পরামর্শ দিয়েছেন। শুক্রবার সরকারি ছুটির দিন বলে কাউকে পাওয়া যাচ্ছে না।
ঘটনাস্থল পরিদর্শন করে তিতাস গ্যাস ফিল্ডের ব্যবস্থাপক (নিরাপত্তা) জুলফিকার আলী জানান, কর্তৃপক্ষকে এই ব্যাপারে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯৫৮ ঘ.
bdnews24