২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বহির্ভূত হত্যা ও রাজনৈতিক সংঘাত নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা হেফাজতে বিডিআর সদস্যদের মৃত্যুর ঘটনা তদন্তে সরকারের ব্যর্থতারও সমালোচনা করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2010, 08:19 AM

Updated : 24 Aug 2022, 07:29 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিষয়ে সে দেশের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে এর পাশাপাশি নিরাপত্তা হেফাজতে বিডিআর সদস্যদের মৃত্যুর ঘটনা তদন্তে সরকারের ব্যর্থতারও সমালোচনা করা হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক সহিংসতাও বৃদ্ধি পেয়েছে। এতে বলা হয়, ২০০৯ সালে বিশ্বজুড়েই সরকার কর্তৃক প্রতিপক্ষদের দমিয়ে রাখার একটি সাধারণ প্রবণতা লক্ষ করা গেছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অনুমোদিত এ প্রতিবেদন প্রকাশকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, "মানবাধিকার সুরক্ষা ও পরিস্থিতির উন্নয়নে যুক্তরাষ্ট্রের একটি বাস্তবসম্মত ও কার্যকর কৌশল এই প্রতিবেদন।" প্রতিবেদনে চীন ও ইরানে ইন্টারনেট যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা, সুশীল সমাজের ওপর 'নির্মম' বাধ্যবাধকতা আরোপ, সংখ্যালঘু, নারী ও শিশুদের ওপর হয়রানিমূলক আচরণের বিষয়গুলো উঠে এসেছে। এছাড়াও গত কয়েক বছরে বিভিন্ন দেশের সরকার 'সন্ত্রাসবাদ ও জরুরি ক্ষমতার অতিরিক্ত বিস্তৃত ব্যাখ্যা' দিয়ে অভিযুক্ত বন্দি ও অন্যদের মৌলিক মানবাধিকার লঙ্ঘন করেছে বলেও মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে। ইউরোপে মুসলিমবিরোধী মনোভাব বৃদ্ধি পাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। উদাহরণ হিসেবে সুইজারল্যান্ডে মিনার তৈরির ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা তুলে ধরা হয়। মানবাধিকার পরিস্থিতির কিছুটা উন্নতি প্রতিবেদনে বাংলাদেশের বিষয়ে বলা হয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করা এবং জরুরি অবস্থা উঠিয়ে নেওয়ায় মানবাধিকার পরিস্থিতির সামান্য উন্নতি ঘটেছে। সরকার সাধারণভাবে প্রতিরক্ষা বাহিনীর ওপর কার্যকর নিয়ন্ত্রণ বজায় রেখেছিলো। ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচন এবং ২০০৯ সালের শুরুতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের শাসন শেষ হয়। ক্ষমতার 'গুরুতর অপব্যবহার' অব্যাহত গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ব্যবস্থা ফিরে এলেও এখনো ক্ষমতার 'গুরুতর অপব্যবহার' অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে হেফাজতে থাকা অবস্থায় মৃত্যু, আইন বহির্র্ভূতভাবে গ্রেপ্তার ও বন্দি করা এবং সাংবাদিক হয়রানির মতো ঘটনা। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকারের পরিসংখ্যান অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে নিহতের সংখ্যা ৩ শতাংশ বেড়েছে। বিভিন্ন ধরনের নাগরিক প্রতিবাদের পরও সরকার প্রভাবশালী রাজনীতিবিদদের প্রতি সম্পূর্ণ অসহিষ্ণু আচরণ করেছে এবং আইন বহির্র্র্ভূত হত্যাকাণ্ডগুলোর কোনো তদন্ত করেনি। বিভিন্ন গণ মাধ্যম, স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিবেদনের তথ্যানুযায়ী, সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ১৫৪টি মৃত্যুর জন্য দায়ী, যার মধ্যে ১২৯টি 'কথিত বন্দুকযুদ্ধে' মৃত্যুর ঘটনা। এর মধ্যে ৩৮টি বন্দুকযুদ্ধ র‌্যাব, ৬৩টি বন্দুকযুদ্ধ পুলিশ ও ২৫টি র‌্যাব-পুলিশ অথবা যৌথবাহিনী ঘটিয়েছে। তবে আরো উল্লেখ করা হয় যে, বন্দুকযুদ্ধে মৃত্যুর সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ কমে এসেছে। আগের বছরের ৬৮টি বন্দুকযুদ্ধে মৃত্যুর বদলে গত বছর এধরনের মৃত্যু ঘটে ৪১টি, তবে এসবের কোনোটিরই তদন্ত করেনি সরকার। রাজনৈতিক সহিংসতা বেড়েছে প্রতিবেদনে বলা হয়, নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে রাজনৈতিক সহিংসতা ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। জরুরি অবস্থা উঠিয়ে নেওয়ার পরপরই রাজনৈতিক সহিংসতা পুনরায় শুরু হয়। বিরোধী দল ক্রমাগত সরকারি দলের হামলার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ জানিয়ে যাচ্ছে। একটি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে রাজনৈতিক সহিংসতায় ২৫১ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়। বিপরীত মত প্রকাশে বাধা ২০০৮ সালের ডিসেম্বরে জরুরি অবস্থা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই সভা-মিছিল প্রভৃতির ওপর নিষেধাজ্ঞা বাতিল হয়ে যায়। নতুন সরকার সভা-মিছিলে অনুমতি দিলেও কোনো কোনো ক্ষেত্রে ক্রিমিনাল প্রসিডিউর কোড'র ১৪৪ ধারা জারি করার মাধ্যমে বিরোধী দলগুলোকে রাজনৈতিক সভা-সমাবেশ করা থেকে বিরত রাখা হয়। ১৪৪ ধারার অধীনে কর্তৃপক্ষ কোনো স্থানে চার জনের বেশি জমায়েত হতে দেখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। বিভিন্ন মানবাধিকার সংস্থার পরিসংখ্যান অনুযায়ী গত বছর ৮২ বার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। কিছু ক্ষেত্রে ক্ষমতাসীন দল বা পুলিশ ক্ষমতা ব্যবহার করে সভা-সমাবেশ বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ আছে। বিডিআর মৃত্যু প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিডিআর) সদস্যরা অপর্যাপ্ত বেতন-ভাতা এবং সেনাবাহিনী থেকে আসা বিডিআর'র উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিদ্রোহ করে। এই বিদ্রোহের পরে এই ঘটনায় গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৫৯ জন পুলিশি হেফাজতে থাকাবস্থায় মারা যান। প্রতিবেদনে বলা হয়, এসব অভিযুক্তরা নির্যাতিত হয়ে মারা যান বলে নির্ভরযোগ্য খবর পাওয়া যায়। এছাড়া তারা নির্যাতনের ফলে মারা যান বলে দাবি নিহতদের পরিবারের সদস্যদেরও। এই মৃত্যুগুলোর তদন্তে সরকার একটি কমিটি গঠন করলে ওই কমিটির প্রতিবেদনে বলা হয়, মাত্র দুই জন নির্যাতনের কারণে এবং অন্যান্যরা অসুস্থ হয়ে বা আত্মহত্যা করে মারা যায়। তবে এর পরে সরকার আর কোনো পদক্ষেপ নেয়নি। গ্রেপ্তার বিডিআর সদস্যদের উদ্ধৃতি দিয়ে বেশ কয়েকটি সংগঠন বলেছে, অনেক বিডিআর সদস্যের ওপরই র‌্যাব ও পুলিশ শারীরিক নির্যাতন চালিয়েছে, ইলেকট্রিক শক দিয়েছে, চোখ বেঁধে রেখেছে এবং উল্টো করে ঝুলিয়ে রেখেছিলো। হেফাজতে থাকা বিডিআর সদস্যদের মৃত্যুর পেছনে সেনা কর্মকর্তাদের হাত রয়েছে বলেও অভিযোগ উঠেছে। প্রতিবেদনে বলা হয়, এ বিষয়টি তদন্ত করে সরকার ২০০৯ সালের জুলাইয়ের মধ্যে প্রতিবেদন প্রকাশ করবে বলে জানিয়েছিলো। তবে তা ওই সময়ের মধ্যে প্রকাশ করা হয়নি। সাংবাদিক নির্যাতন সাংবাদিক নির্যাতন এখনো রয়ে গেছে বলে প্রতিবেদনে বলা হয়। এ জন্য সরকার বা সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্টদেরই দায়ী করা হয়। মানবাধিকার সংগঠনগুলোর পরিসংখ্যান তুলে ধরে এতে বলা হয়, ২০০৯ সালে অন্তত তিন জন সাংবাদিক নিহত, ৪৫ জনকে মারপিট, ৭৩ জনকে হুমকি এবং ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কয়েকজন সাংবাদিক এবং মানবাধিকার সংগঠনগুলো জানায়, সাংবাদিকরা এই ধরনের ঘটনার ফলে সরকারের পক্ষ থেকে শাস্তিমূলক হয়রানির আশঙ্কায় স্বেচ্ছায় তথ্যগোপন বা 'সেল্ফ সেন্সরশিপ'র আশ্রয় নিচ্ছেন। দুর্নীতি ও স্বচ্ছতা প্রশাসনে দুর্নীতি ও সরকারের স্বচ্ছতার বিষয়ে সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলে প্রতিবেদনে বলা হয়। এতে আরো উল্লেখ করা হয়, এক বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাসীন দলের নেতাদের বিরুদ্ধে করা প্রায় ১ হাজার ৮১৭টি মামলা তুলে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিবি/আরএএইচ/কিউএইচ/এমআই/১৪১৪ ঘ.