ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির প্রতিকারের জন্য পুলিশের দ্বারস্ত না হয়েই আকস্মিক ধর্মঘট ডেকেছিলো রাজধানীর বাস মালিকরা।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক বৃহস্পতিবার এ কথা বলেন। বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের কারণেই ওই ধর্মঘট ডেকে যাত্রীদের দুর্ভোগে ফেলা হয় বলে মনে করেন তিনি।
একটি শ্রমিক সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির প্রতিবাদে মঙ্গলবার বিকালে আকস্মিকভাবে বেশ কয়েকটি বাস কোম্পানির মালিক ধর্মঘট ডাকলে নগরবাসীকে বেশ দুর্ভোগে পড়তে হয়। বুধবার দুপুরে তারা কর্মসূচি প্রত্যাহার করে।
শহীদুল হক তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, "ধর্মঘট চাঁদাবাজির প্রতিবাদে ডাকা হয়েছিলো বলা হলেও এ বিষয়ে কোনো অভিযোগ আমাদের কাছে কেউ করেনি। এভাবে ইচ্ছা করলেই ধর্মঘট করা যায় না, এটা বেআইনি।
"যেখানে সাধারণ জনগণ জড়িত সেখানে ধর্মঘটের নামে জনহয়রনি মেনে নেওয়া যায় না।"
তবে একদিনের মাথায় ধর্মঘট তুলে নেওয়ায় বাস মালিকদের ধন্যবাদ জানান ডিএমপি কমিশনার।
তিনি বলেন, "আমি মনে করি সেদিন ধর্মঘট মালিক-শ্রমিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ঘটেছিলো।"
রাজধানীতে পরিবহন ধর্মঘট ডেকে আরো জনদুর্ভোগ না বাড়াতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৭৪০ ঘ.
bdnews24