ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানের অতি প্রশংসা তার জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার এক আলোচনা সভায় গয়েশ্বর বলেন, "আমরা কেউ তারেক রহমানের শক্র নই। কিন্তু তার কাছে অতি আপন হওয়ার মতো অতীত প্রবণতা থেকে আমাদের সরে আসতে হবে। জনগণের কাছে ভাবমূর্তি খারাপ এমন নেতাদের মুখে তারেকের অতি প্রশংসা কিংবা বন্ধনা ভালো নয়, শুভ নয়।"
বিষয়টি বিএনপি এবং এর সব সহযোগী সংগঠনের নেতাদের উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেককে গ্রেপ্তারের দিনটি তারেক রহমানের বন্দি দিবস হিসেবে পালন করে বিএনপি। এ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা আয়োজন করে কৃষক দল।
সভায় আলোচকদের অনেকেই তারেককে 'ভবিষ্যৎ জাতীয় নেতা' হিসেবে অভিহিত করেন। তারা বলেন, তারেক দেশে ফিরলে জাতীয়তাবাদীদের 'আকাশের কুয়াশা' কেটে যাবে।
২০০৭ সালের ৭ মার্চ রাতে গ্রেপ্তারের পর ১২টি মামলায় জামিন নিয়ে ২০০৮ সালের ৪ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডন যান তারেক। তিনি সেখানে থাকা অবস্থায়ই বিএনপির কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
গয়েশ্বর বলেন, "১/১১ ষড়যন্ত্র হয়েছে জিয়া ও জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজ তারেকের নেতৃত্ব দল ও জনগণের মধ্যে নির্ধারিত হয়ে গেছে। এ জন্য আমাদের প্রতিপক্ষ তার সম্পর্কে এত অপপ্রচার চালাচ্ছে।"
সভাপতির বক্তব্যে কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু বলেন, "তারেক ষড়যন্ত্রের সঙ্গে আপস করেননি, পঙ্গুত্ব বরণ করেছেন। একদিন তিনিই এ দেশের প্রধানমন্ত্রী হবেন।"
সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, বিএনপির যুগ্মমহাসচিব বরকতউল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫১২ ঘ.
bdnews24