২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দফায় ওয়াকআউট

আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমদের এক বক্তব্যের প্রতিবাদে বুধবার সংসদ অধিবেশনের শেষ দিকে রাত ৯টা ৫ মিনিটে বেরিয়ে গেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2010, 04:05 PM

Updated : 24 Aug 2022, 07:24 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমদের এক বক্তব্যের প্রতিবাদে বুধবার সংসদ অধিবেশনের শেষ দিকে রাত ৯টা ৫ মিনিটে বেরিয়ে গেছে বিএনপি। এর আগে জিয়াউর রহমানের লাশ নিয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বক্তব্যের প্রতিবাদে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে অধিবেশন থেকে বেরিয়ে গিয়েছিল বিরোধী দল। তবে ৫ মিনিট পরই তারা অধিবেশনে ফিরে আসেন। অধিবেশনে বিএনপির মওদুদ আহমদ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য দিতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদ, সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ, নবম ডিভিশনের সাবেক জিওসি ও অস্ট্রেলিয়ার বর্তমান রাষ্ট্রদূত মাসুদ উদ্দিন চৌধুরী, সাবেক উপদেষ্টা এম এ মতিন, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার চৌধুরী ফজলুল বারী এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ টি এম আমিনের বিচার দাবি করেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, "তারা তো বাংলাদেশের নাগরিক। তাদের ধরতে অসুবিধা কী? এখনো সময় আছে তাদের বিচারের ব্যবস্থা করুন। না করলে জনগণ তাদের বিচার করবে। তারা সংবিধান ধ্বংস করেছে। সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করেছে। গুটিকয়েক আর্মি অফিসার গভীর দুর্নীতিতে ডুবেছিলেন।" মওদুদের বক্তব্যের পর তোফায়েল তাকে উদ্দেশ করে বলেন, "মইন উ আহমেদ ওয়ান ইলেভেন সংঘটিত করে অন্যায় করেছেন এটা আমরা সবাই জানি। কিন্তু জেনারেল জহিরকে সুপারসিড করে মইন উ আহমেদকে সেনাপ্রধান করেছিল কে? ফখরুদ্দীন আহমেদ সাহেবকে কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করেছিল ? জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী কার ভায়রা ভাই ? আমরা যাকে প্রমোশন দেইনি, তাকে কয়েকদফা প্রমোশন দিয়ে নবম ডিভিশনের জিওসি করেছিলেন। আজ যদি তারা জেনারেল মইনের ভূমিকার নিন্দা করেন, তাহলে আমরা কীভাবে ১৯৭৫ সালে যিনি বঙ্গবন্ধুকে হত্যা করে সেনাপ্রধান হয়েছিলেন তার প্রশংসা করি?" তোফায়েলের এই বক্তব্যের পরই রাত ৯টা ৫ মিনিটে বিরোধীদল ওয়াকআউট করে। এসময় তোফায়েল আহমেদ বলেন, "মওদুদ আহমেদ এতক্ষণ ধরে একজন সেনাশাসকের কাজের সমালোচনা করলেন। আর এখন আমি আরেকজন সেনা শাসকের নাম নেওয়া মাত্রই তারা ওয়াকআউট করলেন। এটাই তাদের ডাবল স্ট্যান্ডার্ড। জিয়াউর রহমান সেনাশাসক হিসেবে অসংখ্য মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ক্ষমতা দখল করে তিনি স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তিকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/জিএনএ/২১৫৯ ঘ.