২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবাজদের ৩৪ কোটি টাকা সরকারি খাতে জমা

দুর্নীতি স্বীকার করে বিভিন্ন দুর্নীতিবাজের ট্রুথ কমিশনে জমা দেওয়া প্রায় ৩৪ কোটি টাকা সরকারি খাতে জমা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2010, 12:32 PM

Updated : 24 Aug 2022, 07:25 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি স্বীকার করে বিভিন্ন দুর্নীতিবাজের ট্রুথ কমিশনে জমা দেওয়া প্রায় ৩৪ কোটি টাকা সরকারি খাতে জমা হয়েছে। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আইনমন্ত্রী শফিক আহমেদ এ তথ্য জানিয়েছেন। ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর কাছে জানতে চান, ১/১১-এর পর কত টাকা বিভিন্ন ব্যবসায়ী বা অন্য কোন সংস্থা থেকে সরকার বাজেয়াপ্ত করেছে? ট্রুথ কমিশনের মাধমে কত টাকা সরকারি খাতে জমা পড়েছে তাও জানতে চান তিনি। আইনমন্ত্রী লিখিত জবাবে জানান, ট্রুথ কমিশনের অনুকম্পার জন্য আবেদনকারী ব্যক্তিদের কমিশনের জরিমানা করা অর্থের পরিমাণ ৩৬ কোটি ৯৯ লাখ ২৬ হাজার ২৪৩ দশমিক ৪৫ টাকা। এর মধ্যে আদায় হয়েছে কমবেশি ৩৪ কোটি টাকা। বুধবার বেলা ৩ টা ১০ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। ২০০৮ সালের ৩ আগস্ট কাজ শুরু করা ট্রুথ কমিশনের মেয়াদ ছিলো সেবছরেরই ৩১ ডিসেম্বর পর্যন্ত। কমিশনে অনুকম্পার জন্য আাবেদনকারীদের অনেকেই পরবর্তী সময়ে কমিশনে হাজির হননি। সে বছরের ২৪ ডিম্বেবর পর্যন্ত ক্ষমাপ্রার্থীদের ৩৭ কোটি টাকা জরিমানা করে কমিশন। এদের মধ্যে দুইশ ২৩ জন প্রায় ২৭ কোটি টাকা জমা দেন। অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরসহ প্রশ্ন ও জিজ্ঞাসা পর্ব টেবিলে উপস্থাপিত হয়েছে বলে জানান স্পিকার। ৫ বছরের দেওয়ানি-ফৌজদারি মামলার অবস্থা ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহআলমের প্রশ্নের জবাবে শফিক আহমেদ জানান, দেশের বিভিন্ন আদালতে গত ৫ বছরে অনিষ্পন্ন অবস্থায় থাকা বিচারাধীন ফৌজদারি মামলার সংখ্যা দুই লাখ ৫৬ হাজার দুইশ দুইটি এবং দেওয়ানি মামলার সংখ্যা এক লাখ ৭৩ হাজার পাঁচশ ৯১টি। ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাঁচ বছরে নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা ১০ লাখ ৬৯ হাজার ছয়শ ১২টি এবং দেওয়ানি মামলার সংখ্যা আট লাখ ৩৭ হাজার চারশ ৭০টি। সংসদে আইন পাস মহিলা সংসদ সদস্য মাহজাবীন মোরশেদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর ৩ ফেব্র"য়ারি পর্যন্ত মোট ৭১টি আইন এবং সাতটি অধ্যাদেশ প্রণয়ন হয়েছে। নকল নবীশদের সরকারিকরণ রংপুর-১ আসনের সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে শফিক আহমেদ জানান, নিবন্ধন পরিদপ্তরের অধীনে দেশে সাব-রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রার কার্যালয়ে কর্মরত নকল নবীশের সংখ্যা প্রায় ১৫ হাজার। এদের চাকরি অর্থ মন্ত্রণালয়ের সম্মতি সাপেক্ষে পর্যায়ক্রমে সরকারি করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/পিডি/১৭১৫ ঘ.