ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই বার চেক প্রত্যাখাত হওয়ার ঘটনায় বৈশাখী টেলিভিশনের একটি অনুষ্ঠানের প্রধান নির্বাহী ও প্রধান সমন্বয়কের বিরুদ্ধে মামলা করেছেন অনুষ্ঠানের বিজয়ী। (সংশোধনী)
বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বৈশাখীর 'পদ্মকুঁড়ি' অনুষ্ঠানের প্রধান নির্বাহী মো. শহীদুল্লাহ প্রিন্স ও অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক আবুল কাশেম সোহাগের বিরুদ্ধে মামলাটি করেন অনুষ্ঠানের বিজয়ী শিল্পী শ্রাবন্তী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবেশিত খবরে ভুলবশত শহীদুল্লাহ প্রিন্সকে 'অনুষ্ঠানের প্রধান নির্বাহীর' বদলে 'প্রধান নির্বাহী' উল্লেখ করা হয়।
মহানগর হাকিম একেএম এমদাদুল হক মামলা গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
শ্রাবন্তীর বাবার নাম শেখ আনিসুর রহমান। তাদের বাড়ি খুলনার রূপসার ১১ নম্বর বেলায়েত হোসেন সড়কে।
মামলায় বলা হয়, শ্রাবন্তী ওই অনুষ্ঠানের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। পুরস্কার বাবদ তাকে প্রতিশ্র"তি মতো এক লাখ টাকা না দিয়ে ৮৫ হাজার টাকার মার্কেন্টাইল ব্যাংকের একটি চেক দেওয়া হয়। ওই চেক প্রথমে গত বছরের ১৭ ডিসেম্বরে জমা দেওয়া হলে অপর্যাপ্ত তহবিলের কারণে চেকটি প্রত্যাখাত হয়। পরে ২৯ ডিসেম্বরে আবারো চেকটি জমা দেওয়া হলে তা আবারো একইভাবে প্রত্যাখাত হয়।
বাদির আইনজীবী বিধান চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রাবন্তীর পক্ষে তিনি আইনি বিজ্ঞপ্তি (লিগ্যাল নোটিশ) দিলেও অভিযুক্তরা তাতে গা লাগায়নি।
অভিযুক্তদের ঠিকানা ২৭ দিলখুশা বাণিজ্যিক এলাকার ৯০৪ নম্বর কক্ষে ।
বৈশাখীর এক প্রতিবাদপত্রে বলা হয়েছে ওই ঠিকানায় কখনো বৈশাখীর কার্যালয় ছিলো না।
এছাড়া অনুষ্ঠানের প্রধান নির্বাহী বৈশাখীর কর্মী নন। অভিযুক্তরা চুক্তিভিত্তিতে বৈশাখীর জন্য অনুষ্ঠান নির্মাণ করতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৮২৫ ঘ.
bdnews24