ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামের রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৯১ কোটি টাকার একটি প্রকল্পের বাস্তবায়ন চলতি অর্থ বছরেই শুরুর পরিকল্পনা করছে সরকার।
বুধবার সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় অর্থাৎ সারা দেশে গ্রামীণ অবকাঠামো ও রাস্তাঘাট উন্নয়নে ৪ হাজার ৬৯১ কোটি টাকা অগ্রাধিকার-ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প অনুমোদনপূর্বক বরাদ্দের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, প্রকল্পটি চলতি ২০০৯-১০ অর্থবছর থেকে বাস্তবায়নের কাজ শুরু করা হবে।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত ৪৬৯১ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী জানান, চলতি অর্থবছরে এলজিইডির মাধ্যমে অবকাঠামো উন্নয়নে প্রায় ৩ হাজার ৫৫৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ।
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬১টি প্রকল্পের কাজ চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় সারাদেশে অবকাঠামো উন্নয়নের জন্য আরো ৩৪টি প্রকল্প পাইপলাইনে আছে। এগুলোর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার ৬৬৪ কোটি টাকা।"
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রহমত আলীর প্রশ্নের জবাবে তিনি জানান, 'ডিজিটাল বাংলাদেশ' গড়ে তুলতে জনপ্রশাসনে গতিশীলতা আনতে এবং জনগণের গোরগোড়ায় কাক্সিক্ষত সেবা পৌঁছে দেওয়ার জন্য ও তথ্য প্রাপ্তির সুবিধার্থে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সব মন্ত্রণালয় ও বিভাগে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, "জনসাধারণের সুবিধার্থে ওয়েবসাইটের কনটেন্ট ইউনিকোড বাংলায় হওয়া বাঞ্ছনীয়। সব সরকারি প্রতিষ্ঠানে ওয়েবসাইট খোলা এবং তার ইউনিকোড বাংলায় হওয়ার ব্যাপারে জাতীয় আইসিটি পলিসি-২০০৯ এ নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে দেশের সব নাগরিকের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে ৬৪টি জেলা প্রশাসন কার্যালয়ে ওয়েবসাইট খোলার ব্যবস্থা করা হয়েছে।"
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে তিনি জানান, নিু ও মধ্যবিত্তদের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উদ্যোগে ঝিলমিল আবাসিক প্রকল্পে ৪.৫৫ একর জমি সংরক্ষিত রাখার পাশাপাশি ৬০০ থেকে ৮০০ বর্গফুটের ফ্ল্যাট এবং ১০ হাজার ফ্ল্যাটের বহুতল ভবন নির্মাণের জন্য ১৫.৫৩ একর জমি বরাদ্দ রাখা হয়েছে।
উত্তরা তৃতীয় পর্বে স্বল্প আয়ের মানুষের জন্য ৪০.৫১ একর, নিু ও মধ্যবিত্তের জন্য ১০.৯১৭ একর এবং বিভিন্ন আয়তনের ২২ হাজার ৫১২টি ফ্ল্যাট নির্মাণের জন্য ৬৭.০১১ একর জমি বরাদ্দ রাখা হয়েছে।
পূর্বাচল নিউটাউন প্রকল্পে নিু ও মধ্যবিত্তের জন্য ৯৬.২৭ একর এবং ২০ হাজার ফ্লাটের জন্য ২৯১.৩৩ একর জমি বরাদ্দ রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী আরো জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কল্পলোক আবাসিক এলাকার ভূমি অধিগ্রহণ কাজ প্রক্রিয়াধীন। এ প্রকল্পে ৩০০ প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। নীলাচল প্রকল্পের অধীনে বরাদ্দ দেওয়া হবে ৮০০ প্লট।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ছয়টি আবাসিক এলাকা উন্নয়নের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ করা হবে। এসব প্রকল্পের মাধ্যমে এক হাজার ৬৪৭টি প্লট মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষের মাঝে বিতরণ করা হবে।
এছাড়া খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে মধ্যবিত্তদের জন্য প্রায় এক হাজার প্লট বরাদ্দের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮০০ ঘ.
bdnews24