জামালপুর, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যাজিস্ট্রেটকে অবরোধ ও র্যাবের গাড়ি ভাঙচুরের ঘটনায় জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতিসহ ১৩ ব্যবসায়ীর বিরুদ্ধে একটি মামলা করেছে র্যাব।
এর প্রতিবাদে শহরের ফেন্সি মার্কেট ও নিরালা মার্কেটের সব দোকান বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।
বুধবার দুপুরে জামালপুর সদর থানায় দ্রুত বিচার আইনে করা এই মামলায় অজ্ঞাত আরো তিনশ' ব্যবসায়ীকে আসামি করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ওসি আবদুল মতিন।
মামলা আসিমরা হলেন- চেম্বার সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ওরফে রেজনু, পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসমত উল্লাহ, ব্যবসায়ী রঞ্জু চৌধুরী, নাজমুল ইসলাম, রোকন, খালেকুজ্জামান, আবদুস সালাম, রুবেল, হিরা, আবদুস সাত্তার, মোবারক, আলমগীর ও দৌলত।
ওসি জানান, র্যাব-১২ জামালপুর ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) দেলোয়ার হোসেন বাদি হয়ে দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় মামলাটি (নম্বর-৮) করেন।
এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে তিনি জানান।
সোমবার ম্যাজিস্ট্রেট জামাল হোসেন শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ব্যবসায়ীদের অবরোধের শিকার হন। এ সময় র্যাবের গাড়িও ভাংচুর হয়। বিক্ষুদ্ধ ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করতে র্যাব ফাঁকা গুলিও ছোড়ে।
ব্যবসায়ীদের অভিযোগ, ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৭ ঘ.
bdnews24