ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির মামলায় সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছে ঢাকার সিনিয়র বিশেষ আদালত।
এছাড়া আগামী ২৮ মার্চ তার জামিনের আবেদনের শুনানির পরবর্তী দিনও ধার্য করা হয়েছে।
ফজলুর বুধবার সকালে ঢাকার মহানগর সিনিয়র জজ এএনএম বশিরউল্লাহর আদালতে আত্মসমর্র্পণ করে জামিনের আবেদন করেন।
দুপুরে ওই আবেদনের শুনানি শেষে হাইকোর্টের আদেশের কারণে পটলের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করে নেন বিচারক।
আদালতের আদেশে বলা হয়, গত ৮ মার্চ তারিখে হাইকোর্ট আট সপ্তাহের জন্য ফজলুরকে মুক্ত থাকার এবং এ সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছিলেন এবং এই আট সপ্তাহের মধ্যে মাত্র দুই দিন পার হয়েছে, সে কারণে অভিযুক্ত আগের মতোই থাকবেন। ২৮ মার্চ তারিখে তার জামিন শুনানি হবে।
গত ১ মার্চ ফজলুর রহমান পটলের বিরুদ্ধে ২৭ লাখ ৪৬ হাজার ৪০৪ টাকার সম্পদের তথ্য গোপন ও এর ওপর প্রযোজ্য কর ফাঁকির অভিযোগে মামলা দায়ের করেন ঢাকা উপ কর কমিশনার মো. মিজানুর রহমান।
মামলা দায়েরের পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিচারিক আদালত। একইসঙ্গে তাকে গ্রেপ্তার করা গেলো কি না ৮ মার্চ সে বিষয়ে প্রতিবেদন দাখিল করার তারিখ নির্ধারণ করে দেয় আদালত।
৮ মার্চ এই মামলায় উচ্চ আদালতে বিচারপতি এম এ ওয়াহাব মিয়া এবং বিচারপরিত আব্দুর রাজ্জাকের বেঞ্চে আত্মসমর্পন করে আগাম জামিনের আবেদন করেন তিনি। আদালত তাকে জামিন না দিয়ে আট সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্ম সমর্পণ করার নির্দেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এমআই/১৬৫৫ ঘ.
bdnews24