২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৬৬৯ মামলা তুলে নেওয়া হচ্ছে

আরো ৬৬৯টি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনা করে তা প্রত্যাহারের সুপারিশ করেছে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2010, 11:21 AM

Updated : 24 Aug 2022, 07:24 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরো ৬৬৯টি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনা করে তা প্রত্যাহারের সুপারিশ করেছে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটি। মঙ্গলবার কমিটির চতুর্দশ বৈঠকে আলোচনায় এলেও শেষ পর্যন্ত বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর একটি মামলা এ তালিকা থেকে বাদ পড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভাকক্ষে মঙ্গলবার কমিটির বৈঠকের পর কমিটির প্রধান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ১ হাজার ৭২টি মামলা নিয়ে আলোচনার পর কমিটি যাচাই-বাছাই করে দুর্নীতি দমন কমিশনের ছয়টিসহ মোট ৬৬৯টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। কমিশনের অন্য ছয়টিসহ মোট ১০৯টি মামলা প্রত্যাহারের আবেদন নাকচ হয়েছে। অন্য মামলাগুলো পরবর্তী বৈঠকে উত্থাপনের জন্য বলা হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান। পিন্টুর মামলার বিষয়ে কামরুল বলেন, "তার মামলাটি লালবাগ থানার একটি অপহরণ ও হত্যা চেষ্টা মামলা। জেলা কমিটিও এটি প্রত্যাহারের কোনো সুপারিশ করেনি।" বিরোধী নেতা-কর্মীদের আর কোনো মামলা বৈঠকে উত্থাপিত হয়নি বলে জানান তিনি। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর এইনয়ে মোট ৩ হাজার ৫৬২টি মামলা প্রত্যাহারের সুপারিশ করলো। এর মধ্যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের দুটি মামলা রয়েছে। বিরোধী দলের অভিযোগ, মামলা প্রত্যাহারের ক্ষেত্রে সরকার একচোখা নীতি অবলম্বন করছে। মঙ্গলবারের বৈঠকে যাদের মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে, তার মধ্যে রয়েছেন- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান নূর, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন, সাবেক সংসদ সদস্য হাজী সেলিম, প্রশিকা চেয়ারম্যান কাজী ফারুক আহমেদ, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার। এছাড়া ২০০৬ সালের ৫ ডিসেম্বর শাহবাগ থানায় দায়ের করা সুপ্রিম কোর্টে ভাংচুর সংক্রান্ত একটি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে কমিটি। যেখানে প্রধান আসামি ছিলেন গণফোরাম সভাপতি কামাল হোসেন, রোকনউদ্দিন মাহমুদ, তানিয়া আমীর ও সুব্রত চৌধুরী। তিন ঘণ্টার বৈঠক এত মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত সময় কি না- প্রশ্ন করা হলে কামরুল বলেন, "তিন ঘণ্টা দৃশ্যমান কিন্তু এর বাইরেও মামলাগুলো নিয়ে আলোচনা হয়। আমরা প্রতিটি মামলার চুলচেরা বিশ্লেষন করেই সিদ্ধান্ত নিচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭১২ ঘ.