ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরাঞ্চলের মঙ্গা দূর করতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার।
মঙ্গাপ্রবণ বৃহত্তর রংপুরের পাঁচ জেলায় কী ধরনের কর্মসূচি হাতে নেওয়া প্রয়োজন, তা নির্ধারণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের যুগ্ম-সচিব আব্দুল ওয়াজেদকে প্রধান করে সাত সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে বলেছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক।
মঙ্গা দূরীকরণ সংক্রান্ত জাতীয় কমিটির মঙ্গলবারের সভায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটির প্রধান রাজ্জাক এতে সভাপতিত্ব করেন।
রাজ্জাক সাংবাদিকদের জানান, দেশে বর্তমানে মোট জনগোষ্ঠীর ৩৭ শতাংশই দরিদ্র। এর মধ্যে ২৫ শতাংশ অতিদরিদ্র। কিছু কিছু এলাকা রয়েছে যেখানে মোট জনগণের ৬০ শতাংশই দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। এর মধ্যে উত্তরাঞ্চলের বৃহত্তর রংপুরের পাঁচটি জেলা এবং উপকূলীয় অঞ্চলের দুর্যোগ কবলিত জেলাগুলো রয়েছে।
"বৃহত্তর রংপুরের পাঁচটি জেলার অধিকাংশ জনগণেরই একটি নির্দিষ্ট সময়ে কোনো কাজ থাকে না। ফলে এ সময় ওইসব পরিবারের সদস্যরা প্রায় অর্ধাহারে ও অনাহারে থাকে। তাই সরকার এসব এলাকার জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে", বলেন তিনি।
মন্ত্রী বলেন, অনগ্রসর এসব জেলার মানুষকে সামগ্রিকভাবে এগিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এজন্য সরকারের কী কী করণীয় রয়েছে, তা নির্ধারণে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। উপ-কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই সরকার সমন্বিতভাবে কর্মসূচি হাতে নেবে। যাতে খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষাসহ সব ক্ষেত্রে সব মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করা সম্ভব হয়।
মঙ্গাপ্রবণ এলাকার জন্য কী ধরণের কর্মসূচি হাতে নেওয়া হবে- জানতে চাওয়া হলে রাজ্জাক বলেন, "এলাকার মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন এবং আয় বৃদ্ধি হয়, এমন কর্মসূচিই হাতে নেওয়া হবে।"
কৃষি উৎপাদন বাড়ানো, সময়োপযোগী কৃষি চাষ, মাছ চাষ ও প্রাণি সম্পদ পালনসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে ভাবা হচ্ছে বলে জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব মোখলেছুর রহমান, খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত সচিব বরুন দেব মিত্র, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী আখতার হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা প্রমুখ।
সভায় পল্লী উন্নয়ন একডেমির (আরডিএ) মহাপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, আরডিএ পাঁচটি জেলার জন্য প্রায় ১১ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে একটি কর্মসূচি হাতে নিয়েছে।
এ প্রকল্পের আওতায় সাধারণ মানুষকে পশুপালনে উৎসাহিত করা হবে। পশুর বর্জ্য থেকে বায়ো-গ্যাস উৎপাদন এবং এ গ্যাস তরলিকরণ করে অন্যত্র ব্যবহারের বিক্রির ব্যবস্থা করা হবে। এ থেকে সাধারণ মানুষের মাংস ও দুধের চাহিদা পূরণের পাশাপাশি গ্যাসের চাহিদাও পূরণ করা সম্ভব হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬১৬ ঘ.
bdnews24