জামালপুর, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের ইসলামপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের পূর্ব মুন্নিয়া গ্রামে মঙ্গলবার ভোররাতে আগুন লেগে ১৬টি বসতঘর পুড়ে গেছে।
গ্রামের ওমর আলীর গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানিয়েছেন।
তারা জানান, গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য ধোঁয়া দিতে আগুন জ্বালানো হয়েছিল। সে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বিভিন্ন ঘরে।
এতে ১৪টি পরিবারের ১২টি টিনের ঘর, চারটি ছনের ঘর, সোলার প্যানেল, ধান, চাল, ডাল, বাদাম, ভুট্টা, মরিচসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে।
বেলগাছা ইউনিয়ন পরিষদের সদস্য আজম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে রয়েছে।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ মনিরুল ইসলাম বলেন, "স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠাতে বলেছি। তালিকা পেলে তাদের সহায়তা দেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৪৯ ঘ.
bdnews24