ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে কমিটি গঠন নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি তদন্তে একটি কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে ক্যাম্পাসে মারামারির পর ছয় ছাত্রকে আটক করে পুলিশ। তাদের ছাড়াতেও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে কলেজের অধ্যক্ষ এম এ আজাহার জানিয়েছেন।
সকাল সাড়ে ৯টার দিকে সংঘর্ষের পরপরই কলেজের শিক্ষা পর্ষদ বৈঠকে বসে। সভায় কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক তোহর আলীর নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে অধ্যক্ষ সাংবাদিকদের জানান।
ছাত্রলীগের মোহাম্মদ জাবেদ ও আতাউর করিম আরবির অনুসারীদের মধ্যে ওই মারামারির পর পুলিশ গিয়ে জাবেদ ও আরবিসহ ছয় জনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক আতাউর রহমান সাংবাদিকদের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের আটক করা হয়েছে।
শিক্ষা পর্ষদের সভার পর অধ্যক্ষ আজাহার বলেন, তদন্তের স্বার্থে সব ছাত্রকেই দরকার। তাই আটকদের মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
একদল শিক্ষার্থী নিজেদের নিরাপত্তার বন্দোবস্তের কথা জানতে চাইলে তিনি বলেন, পুলিশ ক্যাম্পাসে অবস্থান করবে।
সংঘর্ষের কারণে মঙ্গলবার কোনো ক্লাস না হলেও বুধবার থেকে ক্লাস হবে বলে অধ্যক্ষ আশ্বাস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১০ ঘ.
bdnews24