২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরকলে হরতাল ডেকেছে বাঙালি সংগঠন

রাঙামাটির বরকল উপজেলায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে আগামী বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাঙালিদের সংগঠন পার্বত্য সমঅধিকার আন্দোলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2010, 04:00 PM

Updated : 24 Aug 2022, 07:21 PM

রাঙামাটি, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বরকল উপজেলায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে আগামী বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাঙালিদের সংগঠন পার্বত্য সমঅধিকার আন্দোলন। রোববার সকালে বরকল উপজেলার পালছড়া এলাকার একটি একটি স্কুলের পেছন থেকে হারুন পালোয়ান নামে এ ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ ও বিডিআর। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বরকলের ভুষনছড়া ইউপি সদস্য সমর বিজয় চাকমা নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বামল্যান্ড এলাকার বাসিন্দা হারুন হলুদ ব্যবসায়ী বলে জানিয়েছেন পার্বত্য সমঅধিকার আন্দোলনের জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কামাল। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমে তিন পার্বত্য জেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করা হলেও প্রশাসনের অনুরোধে এসএসসি পরীক্ষার কারণে তা বাতিল করা হয়েছে। তবে বরকল উপজেলায় এ হরতাল কর্মসূচি পালিত হবে। এদিকে, সোমবার দুপুর আড়াইটার দিকে হারুন হত্যার প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য সমঅধিকার ও গণপরিষদের উদ্যোগে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল-সমাবেশ এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। পরে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১৫৭ ঘ.