ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফাঁসির সাজা পাওয়া জেএমবির সাবেক প্রধান সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের ছেলে সাদ ইবনে সিদ্দিককে সোমবার তার নানি ফরিদা বেগমের হেফাজতে দেওয়া হয়েছে।
বিকালে কারা কর্তৃপক্ষ সাড়ে পাঁচ বছর বয়সি সাদকে নানির হাতে তুলে দেয় বলে কারাগারের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতের নির্দেশে বিকাল সাড়ে ৪টার দিকে শিশুটিকে তার নানির হাতে তুলে দেওয়া হয়েছে।"
রোববার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. রেজাউল ইসলাম কারাগারের বাইরে সাদকে নানির হেফাজতে দেওয়ার আদেশ দেন। সাদ এতদিন তার মা ফাহিমা বেগমের সঙ্গে কেন্দ্রীয় কারাগারে ছিল।
নেত্রকোনায় উদীচী ও শতদল শিল্পীগোষ্ঠীর কার্যালয়ের সামনে বোমা হামলার অভিযোগে দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় ২০০৮ সালের ২৩ মার্চ ফাহিমার পাঁচ বছরের কারাদণ্ড হয়।
ওই মামলায় তিনি সাজা ভোগ করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিবি/জিএনএ/২১৫৫ ঘ.
bdnews24