খুলনা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ওয়ার্ড কাউন্সিলর শহীদ ইকবাল বিথার হত্যা মামলার অভিযোগপত্র ১৮ মার্চের দিতে পুলিশের প্রতি দাবি জানিয়েছেন কেসিসি মেয়র মেয়র তালুকদার আব্দুল খালেক।
এ দাবিতে সোমবার নগরীতে অবরোধ কর্মসূচি পালনের সময় তিনি একথা বলেন।
'সন্ত্রাস প্রতিরোধে কাউন্সিলর সমন্বয় কমিটি'র উদ্যোগে নগরীর ফুলবাড়ী গেটে খুলনা-যশোর মহাসড়কে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হয়। এ সময় সড়কে বেশকিছু যানবাহন আটকা পড়ে।
মেয়র খালেক খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্দেশে বলেন, "১৮ মার্চের মধ্যে বিথার হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার মাধ্যমে খুলনাবাসীর সামনে খুনীদের মুখোশ উম্মোচন করুন। নইলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"
এর আগে খুলনা প্রশাসন প্রতিটি হত্যা মামলার ক্ষেত্রে সঠিক অভিযোগপত্র দিতে ব্যর্থ হওয়ায় খুনীরা পার পেয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেসিসি'র প্যানেল মেয়র আজমল আহমেদ তপন, আওয়ামী লীগের দৌলতপুর থানা সভাপতি শেখ সৈয়দ আলী, খান জাহান আলী থানা সভাপতি বেগ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক স ম রেজওয়ান আলী, কাউন্সিলর মো. আমিনুল ইসলাম মুন্না, শেখ ইউনুছ আলী প্রমুখ।
যুবলীগের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শহীদ ইকবাল বিথার খুলনার ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। ২০০৯ সালের ১১ জুলাই রাতে তিনি খুন হন। পরদিন খুলনা সদর থানায় এ ঘটনায় একটি মামলা হয়। মামলায় বিভিন্ন সময় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কয়েকজন জামিনে বের হয়ে এসেছেন।
খুলনা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ইন্সপেক্টর মামুন খান এ মামলার তদন্ত কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২০০৭ ঘ.
bdnews24