চট্টগ্রাম, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের শিক্ষার্থীরা শিক্ষক ড. মিলন কুমার ভট্টাচার্য্যরে পদত্যাগ নিয়ে সোমবার দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
আন্দোলনরত শিক্ষার্থী বিবিএ (ফিন্যান্স) শেষ বর্ষের শিক্ষার্থী জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের প্রিয় শিক্ষক ক্লাসে ফিরে না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।"
প্রশাসনের অসহযোগিতার কারণে ড. মিলন পদত্যাগ করেছেন বলে শিক্ষার্থীরা দাবি করেন।
ড. মিলনের পদত্যাগপত্র প্রত্যাহার না হলে ব্যবসায় অনুষদের শিক্ষার্থীরা মঙ্গলবার থেকে অনির্দিষ্টকাল ক্লাস বর্জনের ডাক দিয়েছে।
এ বিষয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনের কাছে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই শিক্ষকের পদত্যাগপত্র সিন্ডিকেট সভায় উত্থাপন করা হবে।"
পদত্যাগকারী শিক্ষকের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
আন্দোলনরত শিক্ষার্থীদের একটি দল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করে স্মারকলিপি দিতে যায়। এসময় মেয়র অশোভন আচরণ করে তাদের বের করে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আন্দোলনরত শিক্ষার্থী জিয়াউদ্দিন বাবলু ও রিয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেয়র আমাদের গালাগাল করে বের করে দেন। আমরা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা মঙ্গলবার বেলা ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন।
শিক্ষার্থীরা সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর ওয়াসা মোড়ের ক্যাম্পাসে বিক্ষোভ ও ক্লাস বর্জন করে। একপর্যায়ে তারা ব্যবসায় অনুষদ ভবনের মূল ফটকে তালা লাগিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে।
এসময় শিক্ষার্থীরা ভবনের নিচে অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সিএনজি রিফুয়েলিং স্টেশনও বন্ধ করে দেয়।
বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
রোববার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের শিক্ষক ড. মিলন কুমার ভট্টাচার্য্যরে পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামে।
প্রথমদিনের মতো দ্বিতীয় দিনও মতো ক্যাম্পাস এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, আর্মড পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/পিডি/১৯৫৩ ঘ.
bdnews24