গাজীপুর, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ন্যূনতম বেতন তিন হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।
সদর উপজেলার কাশিমপুরের শৈলডুবি এলাকার ডানা সোয়েটার কারখানার প্রায় দেড় হাজার শ্রমিক সোমবার সকালে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভের মুখে কর্র্তৃপক্ষ দুপুর ১২টার দিকে সোমবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করে।
জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম জানান, ন্যূনতম বেতন তিন হাজার টাকা নির্ধারণ, অহেতুক শ্রমিক ছাঁটাই বন্ধ, ছুটির দিনে কাজের জন্য অতিরিক্ত ১০০ টাকা প্রদান ও হাজিরা বোনাস বাড়ানোসহ ১১ দফা দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে।
সকাল সাড়ে ৮টার দিকে কারখানার ১৮ শ' শ্রমিক বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা অবস্থান ধর্মঘট শুরু করে।
পরে সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এ বিষয়ে কারখানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে।
কর্মকর্তারা শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে মালিকের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়ে দুপুর ১২টার দিকে কারখানা ছুটি ঘোষণা করে। এরপর শ্রমিকরা কারখানা ত্যাগ করে।
কারখানা এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান এসআই মাজহার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২২ ঘ.
bdnews24