২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন বেড়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

সর্বোচ্চ শতকরা ৮৩ ভাগ পর্যন্ত বেতন বেড়েছে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2010, 10:22 AM

Updated : 24 Aug 2022, 07:22 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বোচ্চ শতকরা ৮৩ ভাগ পর্যন্ত বেতন বেড়েছে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের। বেতন বৃদ্ধির তালিকায় আছেন স্পিকার, প্রধান বিচারপতি, ডেপুটি স্পিকার, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সাংসদ এবং উচ্চ আদালতের বিচারকরাও। নতুন কাঠামোতে রাষ্ট্রপতি পাবেন ৬১ হাজার ২০০ টাকা। এ পদে আগের বেতন ৩৩ হাজার ৪০০ টাকা। প্রধানমন্ত্রীর বেতন ৩২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৮ হাজার ৬০০ টাকা করা হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে ছয়টি অধ্যাদেশে সংশোধনী এনে রাষ্ট্রের সর্বোচ্চ পদধারীদের বেতনের নতুন এ কাঠামো অনুমোদন করা হয় বলে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান। নতুন কাঠামোয় মন্ত্রীরা পাবেন ৫৩ হাজার ১০০ টাকা করে। তাদের আগের বেতন ২৯ হাজার টাকা। স্পিকারের বেতন ৩১ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫৭ হাজার ২০০ টাকা। ডেপুটি স্পিকাররা পাবেন ৫৩ হাজার ১০০ টাকা। প্রধান বিচারপতির বেতন হয়েছে ৫৬ হাজার টাকা। আগে ছিল ৩০ হাজার ৫০০ টাকা। প্রতিমন্ত্রীর বেতন করা হয়েছে ৪৭ হাজার ৮০০ টাকা। আগে ছিল ২৬ হাজার ১০০ টাকা। উপমন্ত্রীর বেতন আগের ২৪ হাজার ৬৫০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৪৫ হাজার ১৫০ টাকা। আপিল বিভাগের বিচারপতিদের বেতন ২৯ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৫৩ হাজার ১০০ টাকা। হাইকোর্টের বিচারপতিদের বেতন ২৭ হাজার টাকা থেকে ৪৭ হাজার টাকা হয়েছে। সাংসদদের বেতন ১৫ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ২৭ হাজার ৫০০ টাকা। বৈঠকে দ্যা প্রেসিডেন্ট'স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫, দ্য প্রাইম মিনিস্টার'স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫, দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৩, স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৪, সুপ্রিম কোর্ট জাজেস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অর্ডিন্যান্স, ১৯৭৮ এবং দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অর্ডার, ১৯৭৩ এর সংশোধনী অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, "পরিবর্তিত অর্থনৈতিক অবস্থা এবং জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ অন্যদের বেতন বাড়ানো হয়েছে।" বৈঠকে '১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের বরেণ্য রাজনীতিবিদ, দার্শনিক, বুদ্ধিজীবী, শিল্পী-সাহিত্যিক, বিশিষ্ট নাগরিক ও সংগঠনের অবিস্মরণীয় অবদানের জন্য সম্মাননা প্রদান' এবং 'বাংলাদেশ কর্তৃক আন্তর্জাতিক অপরাধ আদালত এর রোম সংবিধি অনুসমর্থন' আলোচ্যসূচিতে থাকলেও সময়ের অভাবে উত্থাপিত হয়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এআরআর/কিউএইচ/জিএনএ/১৮৩০ ঘ.