২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ও কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ী থানার সুতিখাল পাড় এলাকায় রোববার রাতে র‌্যাবের সঙ্গে কথিত এক বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ডাকাত মনির হোসেন ওরফে কসাই মনির (৩৫) নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2010, 06:26 AM

Updated : 24 Aug 2022, 07:22 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ী থানার সুতিখাল পাড় এলাকায় রোববার রাতে র‌্যাবের সঙ্গে কথিত এক বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ডাকাত মনির হোসেন ওরফে কসাই মনির (৩৫) নিহত হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলার অধীন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পিয়ারপুর গ্রামে সোমবার ভোর রাতে পুলিশের সঙ্গে আরেকটি কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় মঞ্জুরুল ইসলাম ওরফে মঞ্জু (৩০) নামের এক চরমপন্থী নিহত হয়। র‌্যাব-১০ ধলপুরের মেজর কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ১টার দিকে রাজধানীর সুতিখালপাড় এলাকায় একদল মানুষ ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় র‌্যাবের একটি টহল দলের দিকে গুলি ছোড়ে তারা। র‌্যাব পাল্টা গুলি চালালে প্রায় ১৫ মিনিট বন্দুকযুদ্ধ চলে। বন্দুকযুদ্ধ শেষে অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে একটি মৃতদেহ পাওয়া যায়। পরে রাত ২টা ৪৫ মিনিটে যাত্রাবাড়ী থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করে বলে জানান র‌্যাব কর্মকর্তা কামরুজ্জামান। কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) সি.এ. হালিমকে উদ্ধৃত করে জানান, সেখানে সংঘটিত বন্দুকযুদ্ধে নিহত মঞ্জু নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন গণবাহিনীর সামরিক কমান্ডার ছিল। তিনি জানান, পিয়ারপুর গ্রামে জি.কে. সেচ খালের পাশে চরমপন্থীদের গোপন বৈঠকের খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ও ইবি থানা পুলিশ যৌথভাবে রাত সাড়ে ৪টার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ২০ মিনিটব্যাপী বন্দুকযুদ্ধের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে মঞ্জুর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। সকালে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি এল.জি. বন্দুক, পাঁচ রাউন্ড তাজা গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। নিহত মঞ্জুর বিরুদ্ধে কুষ্টিয়ার ইবি থানায় দুইটি ও শৈলকুপা থানায় দুইটি হত্যা মামলা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা হালিম। মঞ্জু ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মাইলমারী গ্রামের কিতাবী শেখের ছেলে । গত ২৩ ফেব্র"য়ারি মঙ্গলবার ভোর রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার অঞ্জনগাছী গ্রামে র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাইদুল ইসলাম (৪০) নামের এক চরমপন্থী নিহত হয়। মাত্র বারো দিনের ব্যবধানে আবারো কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জিএনএ/১২১৮ ঘ.