২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ছে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের সম্মানী

অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সম্মানী ভাতা বাড়ানোর প্রস্তাবে ইতিবাচক মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়ও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2010, 03:31 PM

Updated : 24 Aug 2022, 07:19 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সম্মানী ভাতা বাড়ানোর প্রস্তাবে ইতিবাচক মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়ও। তবে এ সংক্রান্ত নথিটি এখনো স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পৌঁছেনি। নথি পৌঁছালে সোমবার অথবা মঙ্গলবারের মধ্যেই এ সংক্রান্ত আদেশ জারি করা হতে পারে। আইন মন্ত্রণালয়ের ইতিবাচক মত পাওয়ার কথা স্বীকার করে রোববার স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখার উপসচিব হাবিবুল কবির চৌধুরী জানান, আইন মন্ত্রণালয়ের নথি পেলেই স্থানীয় সরকার বিভাগ থেকে উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের সম্মানী বাড়ানোর সরকারি আদেশ (জিও) জারি হবে। সোমবার অথবা মঙ্গলবারের মধ্যেই এ সংক্রান্ত আদেশ জারি করা সম্ভব হবে। স্থানীয় সরকার বিভাগের ওই প্রস্তাবে উপজেলা চেয়ারম্যানের ১০ হাজার এবং ভাইস চেয়ারম্যানের সাড়ে সাত হাজার টাকা সম্মানী করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এ সম্মানীর পরিমাণ চেয়ারম্যানের সাড়ে সাত হাজার এবং ভাইস চেয়ারম্যানের পাঁচ হাজার টাকা। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দাবির মুখে গত ৯ ফেব্র"য়ারি স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখা থেকে সম্মানী বাড়ানোর একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। উপজেলা শাখার উপসচিব হাবিবুল কবির চৌধুরীর স্বাক্ষরে চিঠিটি পাঠানো হয়। ফেব্র"য়ারি মাসের শেষ দিনে অর্থ মন্ত্রণালয় প্রস্তাবটি অনুমোদন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১২৩ ঘ.