২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জৈন্তাপুরে ঢুকে মাছ ধরার চেষ্টা ভারতীয়দের

নয়াদিল্লিতে বিডিআর-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরুর দিনে রোববার সিলেটের জৈন্তাপুর সীমান্তে ডিবির হাওরে জোর করে মাছ ধরার চেষ্টা চালায় ভারতীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2010, 02:16 PM

Updated : 24 Aug 2022, 07:19 PM

সিলেট, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নয়াদিল্লিতে বিডিআর-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরুর দিনে রোববার সিলেটের জৈন্তাপুর সীমান্তে ডিবির হাওরে জোর করে মাছ ধরার চেষ্টা চালায় ভারতীয়রা। বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর বাধার মুখে তারা পিছু হটতে বাধ্য হয় বলে জানিয়েছেন সীমান্তরক্ষীর বাহিনীটির সিলেট সেক্টরের উপ অধিনায়ক মেজর মো. কোহিনূর আলম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ভারতের খাসিয়া জনগোষ্ঠীর ৫০/৬০ জন নৌকায় করে ডিবির হাওরে মাছ ধরতে নামে। এ সময় বিডিআরের টহল দল তাদের বাধা দেয়। কিন্তু তারা বাধা উপেক্ষা করে মাছ ধরতে থাকে। এক পর্যায়ে বিডিআর সীমান্তে লাল পতাকা উড়িয়ে দেয়। এ অবস্থায় দুপুর ১২টার দিকে তারা পিছু হটতে বাধ্য হয়। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান। ডিবির হাওরে মাছ ধরার নিয়ে গত ১৫ দিন ধরে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে ভারতীয় বোর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর গুলিতে তিন বাংলাদেশি জখম হন। এর পরিপ্রেক্ষিতে গত ২ মার্চ বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। তিনি এজন্য বিএসএফকে দায়ী করে এ সমস্যার রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেন। শনিবার বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ সম্মেলনে সীমান্তে গোলাগুলি ছাড়াও বিরোধপূর্ণ ভূমির বিষয়টি গুরুত্ব পাবে। গত বছর ঢাকায় অনুষ্ঠিত সম্মেলনে সীমান্তে গুলি করে নিরীহ মানুষ হত্যা বন্ধে বিএসএফ আশ্বাস দিলেও তা থামেনি। চার দিন আগেও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়। গত মাসে পঞ্চগড়ে নিহত হয়েছে অন্তত দুজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৬ ঘ.