বাগেরহাট, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের কচুয়া উপজেলা সদরের টেংরাখালী নতুন হাটে রোববার রাতে আগুন লেগে ১৩টি দোকান পুড়ে গেছে।
স্থানীয় ব্যবসায়ী ও দমকল কর্মকর্তারা জানান, রাত দেড়টার দিকে একটি ওষুধের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
প্রায় তিন ঘণ্টা পর ভোররাত সাড়ে ৪টার দিকে স্থানীয়দের সহযোগিতায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন বাগেরহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা যাহেদুর রহমান।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে- দুটি ওষুধের দোকান, চারটি মুদি ও মনোহরী দোকান, একটি করে সেলুন, পোশাক তৈরির দোকান, লন্ড্রি ও বৈদু্যুতিক সামগ্রীর দোকান এবং তিনটি চায়ের দোকান।
দমকল কর্মকর্তা যাহেদুর রহমান সাংবাদিকদের জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে দমকলের একটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করে।
তিনি জানান, প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় দশ লাখ টাকা।
কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফিজুর রহমান জানান, আগুনে ব্যবসায়ীদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি কচুয়া উপজেলায় একটি দমকল স্টেশন স্থাপনের দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৭ ঘ.
bdnews24