ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একজন অতিরিক্ত সচিব, দুই যুগ্ম-সচিব এবং সাতজন উপসচিব পর্যায়ের কর্মকর্তা পদে রদবদল হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় রোববার এসব রদবদল করে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আবাসন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত অতিরিক্ত সচিব লিয়াকত আলীকে বিনিয়োগ বোর্ডের সদস্য নিয়োগ করা হয়েছে।
যুগ্ম-সচিবদের মধ্যে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সদস্য আব্দুল মোনাফ পাটোয়ারিকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। মোনাফের স্থলাভিষিক্ত হয়েছেন সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব মতিয়ার রহমান।
উপসচিবদের মধ্যে বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক কাজী রওশন আক্তার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব আজিজুল ইসলাম এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক সুব্রত রায় মিত্রকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নিয়োগ করা হয়েছে।
এছাড়া ওএসডি উপ-সচিব শাহ মোহাম্মদ নাছিমকে বিয়াম ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ এবং বগুড়া ও কক্সবাজার-এ বিয়াম ফাউন্ডেশনের আঞ্চলিক কেন্দ্রের মধ্যে দ্বিতীয় পর্যায়ে কক্সবাজার আঞ্চলিক কেন্দ্র স্থাপন' প্রকল্পের প্রকল্প পরিচালক, মংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক তাপস কুমার বসুকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক, অর্থ বিভাগের উপ-সচিব হাওলাদার জাকির হোসেনকে মংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সেলিম রেজাকে সাভার বিপিএটিসি'র পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএনএ/১৭২৭ ঘ.
bdnews24