২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জাতীয় বিশ্ববিদ্যালয় এরকম থাকবে কি না ভাবতে হবে'

জাতীয় বিশ্ববিদ্যালয় এরকম থাকবে কি না ভেবে দেখতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। (সংশোধনী)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2010, 10:56 AM

Updated : 24 Aug 2022, 07:20 PM

রংপুর, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয় এরকম থাকবে কি না ভেবে দেখতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার দুপুরে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন শিক্ষামন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীন সব অধিদপ্তর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, "অনেকেই প্রকাশ্যে ঘুষ চাইতে লজ্জাবোধ করেন না।" জাতীয় বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে নুরুল ইসলাম নাহিদ বলেন, "এখানে এতদিন লুটপাট চলেছে। সে কারণে এই প্রতিষ্ঠান এরকম থাকবে কি না আমাদের তা ভেবে দেখতে হবে। এ জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।" নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষক-অভিভাবকদের ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী। একই প্রশ্নপত্রে পঞ্চম শ্রেণীর মতো অষ্টম শ্রেণীতেও একই পদ্ধতিতে সারা দেশে একযোগে পরীক্ষা নেওয়া হবে বলে জানান তিনি। কারমাইকেল কলেজের অবকাঠোমোসহ সব ক্ষেত্রে উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে দুই মাসের মধ্যে মাস্টার প্ল্যান তৈরির নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়া। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মিজানুল করিম, রংপুরের জেলা প্রশাসক বিএম এনামুল হক, রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক আবুল মনসুর আহাম্মেদ, যুগ্ন আহবায়ক রেজাউল করিম রাজু , মোছাদ্দেক হোসেন বাবলু, জেলা জাপা সভাপতি মশিয়ার রহমান রাঙ্গা প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০৩৩ ঘ.