২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলাশয় দখলের সাজা হোক ফৌজদারি আইনে: বাপা

নদী ও খালসহ জলাশয় দখলকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যায় এমন আইন তৈরি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2010, 07:39 AM

Updated : 24 Aug 2022, 07:18 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদী ও খালসহ জলাশয় দখলকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যায় এমন আইন তৈরি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাপার সহ-সভাপতি এসএম শাহজাহান এ দাবি জানান। ঢাকার চারপাশ ও ভেতরের জলাশয়, নদী, খাল দখল ও ভরাট বন্ধের দাবিতে এ সংবাদ সম্মেলন করা হয়। বাপা জলাশয় আইন প্রয়োগ, দখলদার উৎখাতের আহ্বান জানিয়েছে। শাহজাহান বলেন, "সরকারের উদাসীনতা এবং কিছু লোভী মানুষের কারণে নদী, খাল ও জলাশয় দখল হচ্ছে। তাই এসব দখলকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার আইন তৈরি করা প্রয়োজন। তবে শুধু আইন তৈরি করলেই চলবে না, সরকারকে সে আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে।" ঢাকার চারপাশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত করতে সাত দফা দাবি তুলে ধরেন বাপার সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন। দাবিগুলো হলো- জরুরি ভিত্তিতে নদীর সীমানা নির্ধারণ, উন্মুক্ত স্থান, পার্ক, খেলার মাঠ ও জলাশয় সংরক্ষণ আইন কঠোরভাবে প্রয়োগ, অবিলম্বে ঢাকার চারদিক ও ভেতরের সব জলাশয়, নদী, খাল দখলমুক্ত, এসব নদী, খাল ও জলাশয় দখলকারীদের তালিকা তৈরির করে তাদের নাম পরিচয় প্রকাশ, সারাদেশের অন্যান্য সব শহরের জলাশয়, খাল ও নদী একইভাবে দখল ও দুষণমুক্ত করা এবং নদী ও খালের পাড়ের জমির জন্য একটি পরিবেশবান্ধব ও গণমুখী ভূমি ব্যবহার নীতিমালা প্রণয়ন। বুড়িগঙ্গা থেকে বর্জ্য অপসারণ প্রসঙ্গে মতিন বলেন, 'সমন্বয়হীনভাবে কাজ করলে তাতে ভালো ফল পাওয়া যায় না। এজন্য সরকারকে পরিকল্পনা অনুযায়ী কাজ করার পরামর্শের পাশাপাশি চাপ দিচ্ছি।" বাপার যুগ্ম-সম্পাদক ইকবাল হাবিব বলেন, ঢাকার চারপাশের নদী দখলমুক্ত সংক্রান্ত যে টাস্কফোর্স রয়েছে তেমনি খাল ও জলাশয় দখলমুক্ত করতে বর্তমান টাস্কফোর্সের কাজের পরিধি বাড়াতে হবে অথবা আরেকটি টাস্কফোর্স গঠন করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৩৩০ ঘ.