গোপালগঞ্জ, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ সদর উপজেলায় শুক্রবার রাতে যাত্রীবাহী বাস খাদে পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ৫০ জন।
নিহত দুইজন হলেন- গেপালগঞ্জ সদর উপজেলার বংসুর গ্রামের খালিদ মোল্লা (৩০) এবং কাশিয়ানীর রামদিয়ার স্বপন সাহা (৩৫)। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের মধ্যে ৪০ জনকে গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে সদর থানাধীন গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক নওশের আলী জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপালগঞ্জ থেকে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি লোকাল বাস কাশিয়ানী উপজেলার ব্যাসপুর যাচ্ছিল।
রাত সোয়া ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপলগঞ্জ সদরের সোনাসুর এলাকায় পৌঁছলে সামনের চাকা ফেটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
পুলিশ ও দমকল কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে বলে রাত সাড়ে ১০টায় পুলিশ কর্মকর্তা জানন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৮ ঘ.
bdnews24