২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

রাজশাহীতে শুক্রবার মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2010, 04:15 PM

Updated : 24 Aug 2022, 07:16 PM

রাজশাহী, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে শুক্রবার মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। সন্ধ্যায় রাজশাহী কালেক্টরেট মাঠে শিল্প ও বণিক সমিতি আয়োজিত এ মেলার উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান। রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি আবু বাক্কার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বৃহত্তর রাজশাহীকে অতীতে অবহেলা করার ফলে বিশাল বৈষম্যের সৃষ্টি হয়েছে। আগের সরকারগুলোর সৃষ্ট এ বৈষম্যের অবসান ঘটাবে বর্তমান সরকার। তিনি বলেন, "আগামী এক বছরের মধ্যে রাজশাহীতে পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে। আব্দুলপুর থেকে রাজশাহী হয়ে রহনপুর পর্যন্ত মিশ্রগেজ রেললাইন স্থাপন করা হবে।" প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে রাজশাহীতে পৃথক দু'টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি প্রতিশ্র"তি দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাংসদ ফজলে হোসেন বাদশা, সাংসদ এনামুল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার নওশের আলী, জেলা প্রশাসক শেফাউল করিম প্রমুখ। বক্তারা রাজশাহীতে বিশেষ অর্থনৈতিক জোন চালু, রিহ্যাব মেলা আয়োজন, নাটোরের আব্দুলপুর থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পর্যন্ত মিশ্রগেজ রেললাইন স্থাপন, রেশমসহ নতুন শিল্পনগরী, প্রস্তাবিত ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান সরকারের প্রতি। মেলা কমিটির চেয়ারম্যান খন্দকার মাইনুল হাসান জানান, মেলায় ১১৮টি স্টল, ১১টি প্যাভিলিয়ন, দুইটি ফুড কর্নার ও একটি টাওয়ার রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১১ ঘ.