২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি প্রার্থীদের ব্যয়সীমাও নির্দিষ্ট হচ্ছে

সংসদসহ অন্য নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদেরও ব্যয়ের সীমা বেঁধে দিচ্ছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2010, 04:55 AM

Updated : 24 Aug 2022, 07:17 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদসহ অন্য নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদেরও ব্যয়ের সীমা বেঁধে দিচ্ছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থীদের সর্বোচ্চ ব্যয় ৫ লাখ টাকা এবং সদস্যদের ব্যয় ১ লাখ টাকা ঠিক করে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের ব্যয়সীমা নির্দিষ্ট ছিলো না। আগামী মে মাস থেকে পর্যায়ক্রমে দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে বলে নির্বাচন কমিশন (ইসি) ইতিমধ্যে জানিয়েছে। সাখাওয়াত বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অতীতে ইউপি নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ও ব্যক্তিগত ব্যয় নির্ধারিত ছিলো না। এতে কালো টাকার ছড়াছড়ি হতো। স্বচ্ছতা নিশ্চিত করতে এবারই প্রথম ব্যয় নির্ধারণ করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা-২০১০ চূড়ান্ত করেছি আমরা।" প্রস্তাবিত ইউপি নির্বাচন বিধিমালা ও আচরণ বিধিমালা গেজেট আকারে প্রকাশের আগে অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান তিনি। দেশের ৪ হাজার ৫০৪টি ইউপি'র মধ্যে সর্বশেষ ২০০৩ সালে জানুয়ারি থেকে মার্চ মাসে ৪ হাজার ২২৮টি'র নির্বাচন হয়। এছাড়া মামলা জটিলতায় ৭৯টি ইউপি'র নির্বাচন আটকে আগে প্রায় দেড়যুগ ধরে। প্রস্তাবিত বিধিমালায় বলা হয়েছে, ইউপি চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী ব্যয় সর্বোচ্চ ৫ লাখ টাকা এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা ব্যক্তিগত খরচ করতে পারবেন। সদস্য প্রার্থী সর্বোচ্চ ১ লাখ টাকা নির্বাচনী ব্যয় ও ১০ হাজার টাকা ব্যক্তিগত খরচ দেখাতে পারবেন। নির্বাচন কমিশনার জানান, জাতীয় নির্বাচনের বিধিমালার সঙ্গে সমন্বয় রেখেই স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনী বিধিমালা করেছে ইসি। এজন্যে নির্বাচনী ব্যয় দেখানোর জন্য ব্যাংক একাউন্ট খুলতে হবে। প্রার্থী নিজে অথবা এজেন্টের মাধ্যমে বিধিমালা মেনেই ব্যয় বিবরণী তৈরি করতে হবে। ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শুধু চেয়ারম্যান প্রার্থীদের এ ব্যয় বিবরণী দাখিল করতে হবে। তা না হলে বিধি লঙ্ঘনের দায়ে দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধানও প্রস্তাব করা হয়েছে। জাতীয় নির্বাচনের মতো প্রার্থীদের হলফনামা দেওয়ার বিধান না থাকলেও আয়ের উৎস কী, কাদেরকে পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হবে-তা যুক্ত হচ্ছে নতুন নির্বাচন বিধিমালায়। চেয়ারম্যান প্রার্থীরা পুরো ইউনিয়নে একটি এবং সদস্য প্রার্থীরা ওয়ার্ডে একটি নির্বাচনী ক্যাম্প করার সুযোগ পাবেন। সাখাওয়াত বলেন, "ইউনিয়নে কোনো ধরনের জনসভা বা শোভাযাত্রা করা যাবে না। শুধু পথসভা করতে পারবেন প্রার্থীরা।" নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শাস্তি সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ড বিধান রাখার প্রস্তাব করেছে ইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১০৪৫ ঘ.