ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বেসরকারি ব্যাংকগুলো তামাক শিল্পে আর্থিক সহায়তা দেয় কি না বাংলাদেশ ব্যাংক তা খোঁজ নেবে বলে জানিয়েছেন ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
বাংলাদেশ তামাক বিরোধী জোটের প্রতিনিধিদের বৃহস্পতিবার একথা বলেন আতিউর।
উন্নয়ন সমন্বয় ও ডাব্লিউবিবি ট্রাস্টের দুই কর্মকর্তা আবিদা সুলতানা ও আমিনুল ইসলাম সুজনের স্বাক্ষর সম্বলিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকগুলো তামাক শিল্পে সহায়তা দিয়ে থাকলে তার পরিমাণও জানবে বাংলাদেশ ব্যাংক। এছাড়া তামাকের ক্ষতিকর দিক বিবেচনায় তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সরকারি-বেসরকারি ব্যাংকগুলো ধূমপানমুক্ত করার নির্দেশনাও দেবে।
এসএমই'র মাধ্যমে তামাক শিল্পের দরিদ্র শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার কথাও আতিউর রহমান বলেছেন বলে বিবৃতিতে বলা হয়।
গভর্নরের সঙ্গে দেখা করার সময় জোটের পক্ষে বাংলাদেশ তামাক বিরোধী জোটের সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদ, দি ইউনিয়ন-এর টেকনিক্যাল কনসালটেন্ট ড. আকরামুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল অফিসার ডা. সৈয়দ মাহফুজুল হক এবং অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর।
তারা গভর্নরকে সুনির্দিষ্ট দাবিসম্বলিত স্মারকলিপিও দেন।
এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রাজী হাসান, জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান, একলাব'র কর্মসূচি পরিচালক মো. শামসুল আলম, ইপসা'র প্রোগ্রাম অফিসার নাজমুল হায়দার, উন্নয়ন সমন্বয়'র প্রোগ্রাম অফিসার আবিদা সুলতানা মেরি, ডাব্লিউবিবি ট্রাস্ট'র সিনিয়র প্রকল্প কর্মকর্তা আমিনুল ইসলাম সুজন এবং এইড'র লিয়াজো অফিসার অসীম রায় শুভও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডিড/২২২৯ ঘ.
bdnews24