রাজশাহী, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী পলিটেকনিক ইনিস্টিটিউট শাখা ছাত্রমৈত্রীর সহ-সভাপতি রেজওয়ানুল ইসলাম সানি হত্যা মামলায় এক আসামি ও ছাত্রলীগকর্মী আসিকুর রহমান অনিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাস থেকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বোয়ালিয়া মডেল থানার ওসি জসিম উদ্দিন সন্ধ্যায় সাংবাদিকদের জানান, সানি হত্যা মামলায় অনিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে।
রাজশাহী মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি মতিউর রহমান দাবি করেন, দুপুরে অনিক ক্যাম্পাসে এলে ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা তাকে ধরতে যায়। এ সময় অনিক মৈত্রীর পলিটেকনিকের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সুজনকে চাকু মেরে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
সুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে তিনি জানান।
গত ৭ জানুয়ারি ছাত্রলীগের হামলায় ছাত্রমৈত্রী নেতা সানি নিহত হন।
এ ঘটনায় সানির বাবা মনোয়ার হোসেন বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ ওই দিনই ক্যাম্পাস থেকে চার আসামিকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৬ ঘ.
bdnews24