২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট মামলা তদন্তে আরো সময় নিলো সিআইডি

২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলা অধিকতর তদন্তে আরো তিন মাস সময় পেয়েছে সিআইডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 08:46 AM

Updated : 24 Aug 2022, 07:15 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলা অধিকতর তদন্তে আরো তিন মাস সময় পেয়েছে সিআইডি। তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মহানগর দায়রা জজ এএনএম বশিরউল্লাহ বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে দেন। ১২ আগস্টের ঘটনায় হত্যার অভিযোগে আরেকটি মামলায়ও অধিকতর তদন্ত চলছে। দুটি মামলাই তদন্ত করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহহার আকন্দ। তবে তদন্ত প্রতিবেদন দাখিলে তিনি গত ১ মার্চ তৃতীয় দফায় আরো চার মাস সময় চেয়েছিলেন। আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার সাংবাদিকদের জানান, এ নিয়ে তদন্ত কর্মকর্তা তৃতীয়বারের মতো সময় নিলেন। বিচারক আগামী ৩ জুন প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ঠিক করেছেন। এর আগে গত বছরের ৪ অক্টোবর তিন মাস, চলতি বছরের ৪ জানুয়ারি দুই মাস সময় নিয়েছিলেন তদন্ত কর্মকর্তা। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৩ জন নিহত হয়। ওই সময় মামলা হলেও ২০০৮ সালে এসে হত্যার অভিযোগে একটি এবং বিস্ফোক আইনে আরেকটি অভিযোগপত্র দেয় সিআইডি। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিলো বলে অভিযোগ রয়েছে। হত্যা মামলাটি রয়েছে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ফজিলা বেগমের আদালতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৪৩০ ঘ.