২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইয়ের শিকার নিহত প্রথমে, এরপর ছিনতাইকারী

চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হওয়ার পর গণপিটুনিতে মারা গেছে এক ছিনতাইকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 07:19 AM

Updated : 24 Aug 2022, 07:16 PM

চট্টগ্রাম, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হওয়ার পর গণপিটুনিতে মারা গেছে এক ছিনতাইকারী। বুধবার রাত ১১টার দিকে পটিয়া উপজেলার জিরি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। যাত্রীবেশী ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে অটো রিকশাচালক রবিউল আলমকে হত্যা করে। তার বাড়ি নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায়। নিহত ছিনতাইকারীর পরিচয় পাওয়া যায়নি। পটিয়া থানার ওসি মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যাত্রীবেশী একদল ছিনতাইকারী নগরীর বহদ্দারহাট থেকে রবিউলকে পটিয়া নিয়ে যায়। জিরি এলাকায় তারা রবিউলকে ছুরিকাঘাত করলে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে।" তিনি জানান, ছিনতাইকারীরা পালানোর সময় জনতা একজনকে ধরে ব্যাপক মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় রবিউল। এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩১২ ঘ.