পঞ্চগড়, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "এতদিন আমরা অনাদরে অবহেলায় পড়ে আছি। কেউ খোঁজ নেয়নি আমরা কিভাবে চলছি। সরকার রেশন বিতরণ কার্যক্রম নেওয়ায় অন্তত ডাল-ভাত খেয়ে বাঁচতে পারব।"
কথাগুলো বলেছেন পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার আলোয়াখাওয়া ইউনিয়নের বামনকুমার গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আইনুল হক (৫৮)।
সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মধুবন গুচ্ছগ্রামের বাসিন্দা শহীদ মকবুল হোসেনের স্ত্রী সহিতন বেওয়া (৬০) বলেন, "মুক্তিযুদ্ধে স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্টে দিন কাটাচ্ছিলাম। বাজারে চাল-ডাল কিনে খাওয়ার মতো তেমন পয়সাকড়িও ছিল না। এখন প্রতিমাসে রেশন পাব। এই রেশনের চাল-ডাল দিয়ে বাকি জীবনটা চালিয়ে নিতে পারব।"
বুধবার নামমাত্র মূল্যে রেশনের বিভিন্ন পণ্য পেয়ে এমন অনেক শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে হয়ে ওঠেন।
কোনো কোনো মুক্তিযোদ্ধা বলেন, জীবনই প্রায় বিপন্ন হতে চলছিল। বড় কিছু না হলেও এই রেশনে অন্তত তারা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবেন।
বিকালে পঞ্চগড় পুলিশ লাইনে পুলিশ সুপারিনটেনডেন্ট শাহারিয়ার রহমান রেশন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
প্রথম পযায়ে দুইটি শহীদ পরিবার ও ৩৮টি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে একসঙ্গে দুই মাসের রেশন দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, শায়খুল ইসলাম, আব্দুল মজিদ বাবুল, আব্দুস সাত্তার, জহিরুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু প্রমুখ।
মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের রেশন কার্যক্রমের আওতায় এখন থেকে এক সদস্যের প্রতিটি পরিবার প্রতিমাসে ২৬ টাকায় পাবে চাল ১১ কেজি, গম ১২ কেজি, ডাল সাড়ে তিন কেজি, তেল আড়াই কেজি ও চিনি এক কেজি ৭৫০ গ্রাম পাবে। দুই সদস্যের পরিবার পাবে ৬৮ টাকায় চাল ২০ কেজি, গম ২০ কেজি, ডাল সাড়ে পাঁচ কেজি, তেল সাড়ে চার কেজি ও চিনি তিন কেজি। তিন সদস্যের পরিবারকে দেওয়া হবে ৯৪ টাকায় চাল ৩০ কেজি, গম ২৫ কেজি, ডাল সাত কেজি, তেল আড়াই কেজি ও চিনি চার কেজি। চার সদস্যের পরিবারকে ১১৪ টাকায় দেওয়া হবে চাল ৩৫ কেজি, গম ৩০ কেজি, ডাল আট কেজি, তেল আট কেজি ও চিনি পাঁচ কেজি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৯ ঘ.
bdnews24