২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোরখাবিহীন নারীকে গ্রেপ্তার না করার নির্দেশ

বোরখা না পরার কারণে কোনো মহিলা ও বালিকাকে গ্রেপ্তার না করতে হাইকোর্ট সরকার ও পুলিশকে নির্দেশ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2010, 01:38 PM

Updated : 24 Aug 2022, 07:11 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বোরখা না পরার কারণে কোনো মহিলা ও বালিকাকে গ্রেপ্তার না করতে হাইকোর্ট সরকার ও পুলিশকে নির্দেশ দিয়েছে। মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ টি এম ফজলে কবীরের বেঞ্চ সুপ্রিম কের্টের তিন আইনজীবী কে এম হাফিজুল আলম, ব্যারিস্টার মাহবুব শফিক ও ব্যারিস্টার ইমরানুল হাইয়ের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। মঙ্গলবার দৈনিক আমাদের সময়ে "পর্দানশিন রংপুর পুলিশের গ্রেপ্তার অভিযানে আটক ১৯, শহরে তোলপাড়" শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা পুলিশ বোরখা ছাড়া চলাফেরা করায় সোমবার রংপুর শহরের চিড়িয়াখানা ও সুরভী উদ্যান থেকে ১৯ তরুণীকে আটক করে। আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব শফিক। সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করে আদালত এ বিষয়ে কেন তদন্ত ও পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে সরকারের স্বরাষ্ট সচিব, পুলিশ মহাপরিদর্শক, রংপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক গোলাম মিনহাজের প্রতি রুলনিশি জারি করে। এছাড়া গোলাম মিনহাজকে আগামী ৪ এপ্রিল হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৯৩২ঘ.