সিরাজগঞ্জ, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাঁটাই করা শ্রমিক-কর্মচারীদের পুনর্বহাল নিয়ে বাঘাবাড়ি মিল্কভিটা কারখানায় মঙ্গলবার উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় সকালে দুধ সংগ্রহ বন্ধ ছিল।
আগেরদিন ছাঁটাইকৃতরা কারখানার উপ-মহাব্যবস্থাপককে (ডিজিএম) মারধর করে তার কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মো. মেহেদী হাসান।
এএসপি বলেন, দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে অবস্থিত মিল্কভিটা কারখানার ৪৭৩ জন শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করা হয়। পরে আদালত ছাঁটাই আদেশ অবৈধ ঘোষণা করে তাদের পুনর্বহালের নির্দেশ দেয়। এর মধ্যে কর্তৃপক্ষ ৪২ জনকে পুনর্বহাল করেছে।
কারখানার উপ-মহাব্যবস্থাপক বাকি শ্রমিক-কর্মচারীদের পুনর্বহাল আটকে রেখেছেন বলে অভিযোগ করেছেন তারা।
তবে উপ-মহাব্যবস্থাপক ডিজিএম খোন্দকার আমিনুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, এটি তার ব্যাপার নয়। উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত হলে ছাঁটাইকৃত শ্রমিক-কর্মচারীদের পর্যায়ক্রমে পুনর্বহাল করা হবে।
পুুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকেই মিল্কভিটার বাইরে ছাঁটাকৃতরা অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে আন্দোলনকারীরা হুমকি দেন, তাদের পুনর্বহাল এবং ডিজিএমকে অপসারণ করা না হলে তারা দুধ সংগ্রহ বন্ধ করে দেবেন।
আন্দোলনকারীদের প্রতিনিধি আমিনুল হক বাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিজিএম কৌশলে শ্রমিক-কর্মচারিদের পুনর্বহাল আটকে রেখেছেন।
ডিজিএম আমিনুল ইসলাম বলেন, আগের দিন তাকে আন্দোলনকারীরা লাঞ্ছিত করে। আজ (মঙ্গলবার) নিরাপত্তার অভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত দুধ সংগ্রহ বন্ধ রাখা হয়। পুলিশ পাহারায় বিকাল থেকে আবার দুধ নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০১ ঘ.
bdnews24