২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অতিদরিদ্রদের কর্মসংস্থান' স্থগিত

অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজ ১৫ দিনের জন্য স্থগিত করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2010, 04:44 PM

Updated : 24 Aug 2022, 07:09 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজ ১৫ দিনের জন্য স্থগিত করেছে সরকার। উচ্চ আদালতের নির্দেশের প্রেক্ষিতে কাজ স্থগিত করলেও এ বিষয়ে আপিল করবে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সিনিয়র সহকারী সচিব সায়লা ফারজানা স্বাক্ষরিত এক চিঠিতে সোমবার কাজ স্থগিতের ঘোষণা দেওয়া হয়। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা স.ম. গোলাম কিবরিয়া জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিটি সোমবারই কর্মসূচি পরিচালক, সব উপজেলা চেয়ারম্যান এবং সব বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে পাঠানো হয়েছে। হাইকোর্ট বিভাগের জারি করা রুলটি স্থগিত বা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ থেকে পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত এ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজ বন্ধ থাকবে বলে চিঠিতে জানানো হয়। ১৬ ফেব্র"য়ারি এক আদেশে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়নের ক্ষমতা ইউনিয়ন পরিষদের পরিবর্তে উপজেলা কমিটিকে দেয় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এ আদেশের কার্যকারিতা রোববার দুই সপ্তাহের জন্য স্থগিত করে হাইকোর্ট। বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি বোরহানউদ্দিনের বেঞ্চ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশনের দুটি পৃথক রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়। আদেশে হাইকোর্ট এ কর্মসূচি বাস্তবায়নের ক্ষমতা ইউনিয়ন পরিষদের পরিবর্তে উপজেলা কমিটিকে দেওয়ার আদেশটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানাতে সরকারের প্রতি রুলনিশিও জারি করে। আদালতের এ আদেশ ও রুলনিশির প্রেক্ষিতে সোমবার মন্ত্রণালয় কর্মসূচির কাজ স্থগিত করলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২২২২ ঘ.