ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সরকারের বিরুদ্ধে 'নাম পরিবর্তনের রাজনীতি'র মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ করেছেন বিএনপিদলীয় সংসদ সদস্য মুজিবুর রহমান সরোয়ার।
রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সোমবার তিনি এ অভিযোগ করেন।
আলোচনায় অংশ নেওয়া সরকারদলীয় সংসদ সদস্যরা সরকারের সফলতার কথা তুলে ধরেন।
জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে বিরোধী দলের সদস্যরা বক্তব্য রাখায় উত্তাপ ছড়ায় সংসদে।
মুজিবুর রহমান বলেন, "তাজউদ্দিন সাহেবই বলেছিলেন, 'জিয়াউর রহমানই প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।'"
সরকারি দলের সদস্য মতিউর রহমান বলেন, "অস্থায়ী সরকারের সময় সেক্টর কমাণ্ডার ছাড়া জিয়াউর রহমান কিছুই ছিলেন না। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে মিথ্যা অপবাদ দেওয়ায় তার (জিয়া) আত্মাও লজ্জা পাচ্ছে।"
জিয়াকে স্বাধীনতার ঘোষক বলা নিয়ে অহেতুক বিতর্ক হচ্ছে, বলেন সরকারি দলের সুবেদ আলী ভুঁইয়া।
তিনি বলেন, "ঘোষণা দিয়ে মার্শাল ল' জারি করা যায়, দেশ স্বাধীন করা যায় না। জিয়া ছিলেন একজন সৈনিক, সেক্টর কমাণ্ডার, মুক্তিযোদ্ধা এবং ঘটনাচক্রে রাষ্ট্রপতি। এজন্যে ইতিহাস তাকে মনে রাখবে। কিন্তু বিএনপি তাকে ঘোষক বানাতে চায়। অথচ তিনি 'অন বিহাফ অব গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' বলে ঘোষণা পাঠ করেন।"
আলোচনায় আরো অংশ নেন, এইচ এম আশিকুর রহমান, এ কে এম মাইদুল ইসলাম, কবীরুল হক, এস এম আব্দুল মান্নান, বেগম হাবিবুন্নাহার, জাফরুল ইসলাম চৌধুরী ও লুৎফর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২১৫৮ ঘ.
bdnews24