ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ে রক্তক্ষয়ী সংঘর্ষের প্রেক্ষাপটে বাঘাইহাট জোনে সেনা অধিনায়কসহ তিন পার্বত্য জেলার উপজেলার বেসামরিক পদে পরিবর্তন এনেছে সরকার।
একাধিক সরকারি সূত্র জানিয়েছে, বাঘাইহাট জোনের অধিনায়ক পদে সোমবার যোগ দিয়েছেন লে. কর্নেল মহসিন আলম। তিনি লে. কর্নেল ওয়াসিমুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন।
ওয়াসিমুল হককে পাশের রুমায় বদলি করা হয়েছে।
এদিকে রোববার ও সোমবার এ অঞ্চলের চার উপজেলার নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) বদলি করা হয়।
ভূমি নিয়ে বিরোধে গত জানুয়ারি মাসের শেষ ভাগে বাঘাইছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘাতময় পরিস্থিতির সূত্রপাত হয়। ওই ঘটনায় বেশ কয়েকদিন পাহাড়ি ও বাঙালিরা পাল্টাপাল্টি অবরোধ কর্মসূচিও পালন করে। এরই ধারাবাহিকতায় বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে গত ১৯ ও ২০ ফেব্র"য়ারি সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটে।
পাহাড়িদের দাবি, সংঘাতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।
এর জের ধরে খাগড়াছড়িতেও সংঘাতের ঘটনা ঘটে। এতে একজন বাঙালি নিহত হয়। এ প্রেক্ষাপটে খাগড়াছড়ি শহর ও আশপাশের এলাকায় পাঁচদিন ১৪৪ ধারা জারি ছিল। এছাড়া সান্ধ্য আইনও জারি করা হয়।
স্থানীয় সূত্রগুলো বলছে, সংঘর্ষের সময় সেনাবাহিনীর গুলিতে মৃত্যুর ঘটনা ঘটেছে।
সর্বশেষ সোমবার 'সাজেক ভূমি রক্ষা কমিটি' নামে পাহাড়িদের একটি সংগঠনও সংঘর্ষ, অগ্নিসংযোগ ও দুজন নিহত হওয়ার ঘটনায় সেনাবাহিনী ও বসতিস্থাপনকারী বাঙালিদের দায়ী করে।
পাহাড়ি-বাঙালি সংঘর্ষের ঘটনায় সর্ব প্রথম রাঙামাটির বাঘাইছড়ির ইউএনওকে প্রত্যাহার করা হয়।
এছাড়া রাঙামাটির রাজস্থালীর ইউএনও হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ম. কবীর হোসেন সর্দার।
বান্দরবানের রোয়াংছড়ির ইউএনও পদে নিয়োগ দেওয়া হয়েছে বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শামীম আলমকে।
বান্দরবানের রুমা'র ইউএনও জালাল সাইফুর রহমান ও রাঙামাটির নানিয়ার চরের ইউএনও জহুরুল ইসলামকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। নানিয়ার চরের নতুন ইউএনও হয়েছেন তেজগাঁও'র সার্কেল অফিসার নিরোদ চন্দ্র মণ্ডল।
এছাড়া রাঙামাটির বেলাইছড়িতে ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী প্রধান নূর মোহাম্মদ মাসুমকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এলএইচ/এএল/জিএনএ/২২৫২ ঘ.
bdnews24