২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ ঘণ্টার আগুনে পুড়লো ৩০০ ঘর

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতুর পাশের বাস্তুহারা কলোনিতে শনিবার দুপুরে আগুনে পুড়ে গেছে ৩০০ ঘর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2010, 12:29 PM

Updated : 24 Aug 2022, 07:07 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতুর পাশের বাস্তুহারা কলোনিতে শনিবার দুপুরে আগুনে পুড়ে গেছে ৩০০ ঘর। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে দুজন দমকলকর্মী। আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দমকল বাহিনী জানিয়েছে। দমকল বাহিনী ও পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে কর্ণফুলী শাহ আমানত সেতু সংলগ্ন বেঁিড় বাঁধে গড়ে ওঠা বাস্তুহারা কলোনির একটি চায়ের দোকানের রান্নার চুলা থেকে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর ১৩ গাড়ি গিয়ে তিন ঘণ্টার চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম দমকল বাহিনীর সহকারী পরিচালক নূরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অগ্নিকাণ্ডে ৩০০টি ঘর পুড়েছে। তবে দুজন দমকলকর্মী ছাড়া কেউ হতাহত হয়নি। তিনি বলেন, আগুনে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বাকলিয়া থানার ওসি শিহাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাস্তুহারা কলোনিতে বিভিন্ন শ্রমজীবী ও উদ্বাস্তু মানুষ বাস করতো। আগুন নেভাতে গিয়ে আহত দুই দমকলকর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। কর্ণফুলী নদী তীরবর্তী বেড়ি বাঁধে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় অবৈধভাবে কয়েক হাজার বস্তি ঘর গড়ে উঠেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮১৮ ঘ.